ওই ছুটেছে ডাকঘর!
মিল্লাত হোসেনমুঠোফোন-ইন্টারনেটের যুগে ডাকঘরে খুব একটা যেতে হয় না ঢাকাবাসীকে। তাই বলে কি নগর থেকে ডাকঘরের প্রয়োজনীয়তা একেবারেই ফুরিয়ে গেছে? এমন প্রশ্নে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কেরানি জাহিদুর রহমান বলেন, ‘রেভিনিউ স্ট্যাম্প কেনা এবং অফিশিয়াল চিঠিপত্র ছাড়ার জন্য আমাকে ডাকঘরে প্রায়ই যেতে হয়।’ডাকঘরে অফিসের চিঠি ছাড়তে এসেছিলেন জাহিদুর রহমান। ঠিক ঘর নয়, তিনি চিঠি ছাড়ছিলেন লাল রঙের একটা গাড়িতে। বাংলাদেশ ডাক বিভাগের ভাষায় যেটা ‘ভ্রাম্যমাণ ডাকঘর’। এর কল্যাণে গুলশান ২ নম্বর মোড়ের আশপাশে যাদের কর্মস্থল কিংবা বসতবাড়ি, তাদের খুব একটা ডাকঘরে যেতে হয় না। বরং ডাকঘরই ছুটে আসে তাদের কাছে। গুলশান-২ ছাড়াও ডাক বিভাগের ঢাকা নগরে দক্ষিণের দুটি ভ্রাম্যমাণ ডাকঘর ঘুরে বেড়ায় নগরের মতিঝিল, ধলপুর, দোলাইরপাড়, জুরাইন, শাহজাহানপুর, কমলাপুর, রামপুরা, বারিধারা, বসুন্ধরা, মহাখালী, মিরপুর ১০, আগারগাঁও ও সোবহানবাগ এলাকায়। ডাক বিভাগের সময়সূচি অনুযায়ী, দোলাইরপাড়ে (সাবেক ব্রিজ এলাকা) ভ্রাম্যমাণ ডাকঘর থাকার কথা দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত। কিন্তু সোয়া ১২টার দিকে গিয়ে সেখানে ডাকঘরের কোনো হদিস পাওয়া যায়নি। এ প্রসঙ্গে দোলাইরপাড়ের দোকানি মাখন মিয়া বলেন, ‘ডাকঘরের গাড়িটা দিনে একবার দেখি। কিন্তু তার আসার কোনো টাইম-টেবিল নাই।’তবে ডাক বিভাগের ঢাকা নগর দক্ষিণের একাধিক কর্মী দাবি করেন, ভ্রাম্যমাণ ডাকসেবা দিতে তাঁদের গাড়ি দুটি সকালে নির্দিষ্ট সময়ই কার্যক্রম শুরু করে। কিন্তু যানজটে পড়ে প্রায়ই সময়সূচি ঠিক রাখা যায় না। তাঁদের কাছ থেকেই জানা গেল, ভ্রাম্যমাণ ডাকঘরের সেবার ধরন-ধারণ সম্পর্কে। তাঁরা জানান, এই ডাকঘর থেকে চিঠি ছাড়া যায়, মানি অর্ডার করা যায় এবং প্রায় সব ধরনের স্ট্যাম্প কেনা যায়। কিছুদিনের মধ্যেই ইলেকট্রনিক মোবাইল মানি অর্ডার করার ব্যবস্থাও করা হবে। ভ্রাম্যমাণ ডাকঘর একটি পূর্ণাঙ্গ সাব-পোস্ট অফিস। তবে এখান থেকে চিঠি বিলি করা যায় না। আবার গাড়ির কর নেওয়া কিংবা ডাকঘর সঞ্চয় ব্যাংকের কাজগুলো ভ্রাম্যমাণ ডাকঘর করতে পারে না বলে তাঁরা জানান।গাড়িতে জমা হওয়া চিঠিপত্র গন্তব্যে যায় কীভাবে, জানতে চাইলে ভ্রাম্যমাণ ডাকঘরের একজন কর্মী জানান, বিকেল পাঁচটা বাজতেই গাড়ি চলে যায় ঢাকা জিপিওতে। সেখানে মানি অর্ডার ও স্ট্যাম্প বিক্রির হিসাব বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে। চিঠি আর মানি অর্ডার চলে যায় কমলাপুরের সর্টিং অফিসে। সেখানে এলাকাভেদে চিঠি বাছাই হয়। তারপর রেলপথ, সড়কপথ ও জলপথের যেকোনো একটিতে চিঠি, মানি অর্ডার চলে যায় গন্তব্যে।বিশাল নগরের গুটিকয়েক এলাকায় যাচ্ছে ভ্রাম্যমাণ ডাকঘর। উত্তরার মতো এলাকায় নেই এই সেবা। এ প্রসঙ্গে ডাক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দুটি গাড়ি দিয়ে নগরের সব এলাকায় ভ্রাম্যমাণ ডাকসেবা দেওয়া সম্ভব নয়। তবে নগরের সব এলাকায় আছে স্থায়ী ডাকঘর। শুধু দিনে জনবহুল থাকে এমন স্থানে যাচ্ছে ভ্রাম্যমাণ ডাকঘর। এই সেবার গতি বাড়াতে হলে আরও গাড়ি দরকার। এ বিষয়ে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে বলে তাঁরা জানান।