বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম ফিফটিও তাঁরই। ১৯৯৯ সালের বিশ্বকাপে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানের ওই ইনিংসটির স্মৃতিচারণা করছেন তিনি।আমার চাচা আজহার হোসেন শান্টু দেশের পক্ষে প্রথম ওয়ানডে ফিফটি করেছিলেন, আমি করেছি বিশ্বকাপে প্রথম ফিফটি। তাৎক্ষণিক অনুভূতিটা যে কী রকম হয়েছিল, বলে বোঝাতে পারব না। শুধু মনে আছে, একটা সিঙ্গেল রান নিলাম। ব্যাট উঁচিয়ে ধরলাম ড্রেসিংরুমের দিকে, তারপর দর্শকদের দিকে।বিশেষ এক দর্শকের দিকেই বোধহয় ব্যাটটা আগে তোলা উচিত ছিল। আমার ফিফটিতে ঠিক উইকেট বরাবর গ্যালারিতে বসা ওই দর্শকের ছিল দারুণ ভূমিকা। আমার রান যখন ৩৪-৩৫, খুব ক্রস ব্যাটে খেলছিলাম ওই সময়ে। ওই দর্শক তখন চিৎকার করে বলল, ‘সোজা ব্যাটে খেলো...সোজা ব্যাটে খেলো।’ আমিও যেন সম্বিৎ ফিরে পেলাম। একটু পর মাঠের বাইরে থেকে একই চিৎকার শুনলাম লিপু ভাইয়ের কণ্ঠে (গাজী আশরাফ হোসেন)। এরপর থেকেই আমি সোজা ব্যাটে খেলতে শুরু করি এবং বিশ্বকাপে দেশের পক্ষে প্রথম ফিফটির দেখা পাই। কে জানে, ক্রস ব্যাটে খেলে গেলে হয়তো গর্বটা হয়ে যেত অন্য কারও! প্রথম ফিফটির জন্য তাই ওই দর্শককে ধন্যবাদ।