ওই দিনটির কথা কখনো ভুলব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘ক্লোজ চ্যাপ্টার’। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটিতে অভিনয় করছেন রোমানা। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো অনেক দিন আগে বলেছিলেন, আর ধারাবাহিকে কাজ করার ইচ্ছা নেই। হ্যাঁ, আমি কিন্তু এখন ধারাবাহিকে কাজ করছি না। মাঝেমধ্যে ভালো গল্প পেলে এক ঘণ্টার নাটক করি। তাহলে ‘ক্লোজ চ্যাপ্টার’ নাটকে কবে কাজ করেছিলেন?বছর দুয়েক তো হবেই। আমরা কাজ করেছিলাম নেপালের নাগরকোটে। সময়টা ছিল ডিসেম্বর মাস। বেশ ঠান্ডা ছিল। নাটকে একটা গান আছে। বাপ্পা মজুমদার আর ফাহমিদা নবীর গাওয়া, ‘মনটা তোমার হতো যদি’। সেই ডিসেম্বর মাসে শিফন শাড়ি পরে আমি শুটিং করেছিলাম। বুঝতেই পারছেন, ওরকম ঠান্ডায় কেমন অবস্থা হয়েছিল।ওই সময়ের কোনো ঘটনার কথা মনে পড়ে?হ্যাঁ, আমরা ওখানে কাজ করছিলাম ৭ ডিসেম্বর থেকে। ১০ ডিসেম্বর ছিল আমার জন্মদিন। আমি কিন্তু তা কাউকে বলিনি। ওই দিন কাজ শেষ করার পর সবাই যখন রাতের খাবার খেতে গেলাম, হঠাৎ কোথা থেকে বন্যা মির্জা ফুল নিয়ে এসে আমাকে চমকে দেন। তখনই সবাই আমার জন্মদিনের কথা জানতে পারে। এরপর দেখি মাহফুজ আহমেদ আর নাটকটির প্রযোজক কোথা থেকে একটি কেক নিয়ে এলেন। আরেফিন শুভ একটা সিদ্ধ ডিমে চোখ-নাক-কান এঁকে আমাকে উপহার দিয়েছিলেন। সত্যিই, ওই দিনটির কথা আমি কখনো ভুলব না।ছবির কাজের কথা বলুন।শাকিব খানের সঙ্গে আমার আট নম্বর ছবির কাজ হচ্ছে। নাম বুক ফাটে তো মুখ ফোটে না। পরিচালক বদিউল আলম। ইমনের সঙ্গে করছি পি এ কাজলের গরিবের ভাই ছবির কাজ। এই ছবিটি নিয়ে খুব বেশি আশাবাদী। এ ছাড়া এখন এফ আই মানিকের স্বামী ভাগ্য ও আওয়ালের কাছের শত্রু ছবির কাজ করছি। এ দুটি ছবিতে আমার সঙ্গে আছেন সম্রাট ও আমিন খান।