ওই পুলিশ কর্মকর্তা আনাড়ি, নাদান: ওসি
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের এক কর্মকর্তাকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। আজ বুধবার দুপুরে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানকে মারধর করেন আওয়ামী লীগের কর্মীরা ওই আসামিকে ছিনিয়ে নেন। ফজলুল হক নামের ছিনতাই হওয়া ওই আসামি গাংনীর কাজীপুর গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া দুই সহোদর হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বামুন্দী বাজারের পাশে কৃষক লীগের সমাবেশ চলছিল। ওই সমাবেশে হত্যা মামলার পলাতক আসামি ফজলুল হক উপস্থিত আছেন খবর পেয়ে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান সমাবেশস্থলে গোপনে অবস্থান নেন। সমাবেশ শেষে ফজলুল হককে গ্রেপ্তার করে পিকআপ ভ্যানে তোলার সময় আওয়ামী লীগের বেশ কিছু কর্মী ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর করে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।এই বিষয়ে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, ‘যুবলীগের কর্মী খুন হলো। পুলিশের আসামি ধরার কোনো আগ্রহ নেই। অথচ আওয়ামী লীগের কর্মীদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট। ফলে যা হবার তা-ই হয়েছে।’ তিনি দাবি করেন, ফজলুলকে কেউ ছিনিয়ে নেয়নি। তিনি পুলিশের হাত থেকে পালিয়েছেন। আর তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।গাংনী থানার এসআই আসাদুজ্জামান বলেন, ফজলুলকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন থেকেই চেষ্টা চলছিল। আজ তাঁকে গ্রেপ্তার করা হলে এলাকার ক্যাডাররা তাঁকে মারধর করে ফজলুলকে ছিনিয়ে নিয়ে যান। এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ‘আমার ওই পুলিশ কর্মকর্তা একটা আনাড়ি, নাদান। যেখানে সরকারি দলের জনসভা চলছে, সেখানে আসামি ধরতে যাওয়ার সাহস দেখাবে কেন? আসামি ধরতে গিয়ে ভুল করলে তো এমন ধরনের কাজ হবেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, আসামি ছিনতাইকারীরা সবাই এলাকার শীর্ষসন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা ক্ষমতাশীনদের ছত্রছায়ায় থেকে এলাকায় নানা ধরনের নাশকতকামূলক ঘটনা ঘটিয়ে চললেও কৌশলগত কারণে পুলিশ নীরব আছে।