ওই মন্তব্য ছিল পুরোপুরি ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই মন্তব্য ছিল পুরোপুরি ভুল, যেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থক ৪৭ শতাংশ ভোটারের সমালোচনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজ টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাত্কারে এ কথা বলে নিজের ভুল স্বীকার করেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি। রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গত মে মাসে দাতাদের সঙ্গে এক ব্যক্তিগত অনুষ্ঠানে মিট রমনি বলেন, ‘প্রায় অর্ধেক মার্কিন নাগরিক কোনো আয়কর দেন না এবং তাঁরা সরকারের ওপর নির্ভরশীল। এই ভোটাররাই ওবামাকে সমর্থন দেবেন। তাঁরা বিশ্বাস করেন, তাঁদের স্বাস্থ্যসেবা, খাদ্য, আবাসনের ব্যবস্থা সব করবে সরকার।’ গত ১৭ সেপ্টেম্বর ‘মাদার জোনস’ নামের একটি সাময়িকী ওই বিতর্কিত মন্তব্যের একটি গোপন ভিডিও ইন্টারনেটে প্রকাশ করে। গতকাল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ডেনভারে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দুই দলের প্রার্থী টেলিভিশন বিতর্কে অংশ নেন। সেখানে অবশ্য ওই ‘৪৭ শতাংশ’ ভিডিও টেপটির প্রসঙ্গ ওঠেনি। তবে একটি টেলিভিশন বিজ্ঞাপনে ওবামা শিবির রমনির ওই বক্তব্যকে তাঁদের প্রচারণায় ব্যবহার করেছিল।ডেনভারের বিতর্কে ওবামার সমর্থকদের অবজ্ঞা করে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন উঠলে কীভাবে সামাল দিতেন রমনি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি বলতাম, এটা ছিল পুরোপুরি ভুল। আমি বিশ্বাস করি, ‘১০০ শতাংশ ভোটারকে আমি গুরুত্ব দিই। বরাবরই তা করে আসছি। আমার প্রচারণার পুরোটাই ছিল ১০০ শতাংশ ভোটারের জন্য। আমি যখন প্রেসিডেন্ট হব, তখনও আমি ওই শত ভাগ নাগরিককে সহায়তা করব।’ তাঁর বক্তব্যটি অমার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেন রমনি।