ওই রাতে ঠিকমতো খেতেও পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কাছে শেষ মিনিটের গোলে হেরে প্রথম অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। আজ তারা স্থান নির্ধারণী ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। দলের অধিনায়ক মেজবাহউদ্দিন কাল কাঠমান্ডু থেকে টেলিফোনে বলল টুর্নামেন্ট নিয়ে প্রথম সাফ ফুটবল, অচেনা পরিবেশ, অভিজ্ঞতা কেমন হলো?মেজবাহউদ্দিন: ভালোই অভিজ্ঞতা হলো আমাদের। আমার নিজের ব্যাপারে বলব, প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেললাম, হোক জুনিয়র দলের। খুবই ভালো লাগছে। এ পর্যন্ত তিনটি ম্যাচেই আমরা খুবই ভালো খেলেছি। দেশে সেভাবে তো অনুশীলনই করতে পারোনি। তার পরও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পর্যাপ্ত অনুশীলন হলে কেমন হতো?মেজবাহ: এটা সত্যি, আমরা খুবই কম অনুশীলন করে টুর্নামেন্টে নেমেছি। মাত্র ২০-২৫ দিনের অনুশীলন। আমরা যদি অন্তত ৩-৪ মাস অনুশীলন করতে পারতাম, তাহলে আমাদের ধারেকাছেও কেউ আসতে পারত না। অন্য দলগুলোর প্রস্তুতি কেমন ছিল?মেজবাহ: এখানে এসে শুনলাম নেপাল, পাকিস্তান এই টুর্নামেন্টের জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছে। সেই তুলনায় আমরা কিছুই করতে পারিনি। পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে নাকি বয়স চুরির অভিযোগ উঠেছে?মেজবাহ: হ্যাঁ। ওরা আমাদের চেয়ে বয়সে অনেক বড়। ওদের মাঠে দেখে নেপালের দর্শকেরা বলাবলি করত, ‘দ্যাখ দ্যাখ, পোলার বাপ খেলছে।’ পাকিস্তানের বিপক্ষে শেষ মিনিটের গোলে হার। নিশ্চয়ই খারাপ লাগছিল...মেজবাহ: আমার মন এত খারাপ হয়েছিল, সেটা বলে বোঝাতে পারব না কাউকে। ওই রাতে আমি ঠিকমতো খেতেও পারিনি। শেষ সময়ে ওভাবে গোল খেয়ে যাব, ভাবতেও পারিনি। আমাদের সবাই শেষ দিকে এসে ক্লান্ত হয়ে পড়েছিল। আর গোলটা খেলাম ডিফেন্সের ভুলে। একটা গোল খেয়েছি গোলরক্ষক আক্কাসের কারণে। ও আসলে প্রস্তুত ছিল না ওই সময়। শ্রীলঙ্কার বিপক্ষে তো প্রথম দিনে হ্যাটট্রিক করেছিলে। এমন কিছু একটা করার প্রস্তুতি ছিল নাকি আগে থেকেই?মেজবাহ: হ্যাটট্রিক কি আর বলে-কয়ে হয়! সত্যি বলতে কি, আমি এর আগে কোনো দিনই হ্যাটট্রিক করিনি। প্রথম হ্যাটট্রিক, তাও করলাম আন্তর্জাতিক টুর্নামেন্টে। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ওটাই। তোমাদের দলের ম্যানেজার সাবেক ফুটবলার জুয়েল রানা। তাঁর অধিনায়কত্বেই কাঠমান্ডু থেকে বাংলাদেশ সাফ গেমসের সোনা জিতে এনেছিল ’৯৯ সালে। জানো সেটা তোমরা?মেজবাহ: আমরা আগে এটা জানতাম না। তবে এখানে কোচ স্যার (নুরুল হক মানিক) আমাদের বলেছেন সেটা। আমরা শুনেছি উনার কাছ থেকে সেই গল্প। জুয়েল ভাইয়ার কথা আমাদের অনেক অনুপ্রাণিত করেছে। উনি প্র্যাকটিসের সময় আমাদের পরামর্শ দিতেন কেমন খেলতে হবে, কীভাবে খেলতে হবে। দেশ থেকে কি ফোন-টোন পাও?মেজবাহ: আমার বড় ভাই আলাউদ্দিন আর আম্মার সঙ্গে কথা হয়। ভাইয়া আমাকে অনেক উৎসাহ দেন। আলাউদ্দিন ভাইয়া ফেনী সকারে খেলেন, স্বাভাবিক কারণেই উনি একটু বেশি খোঁজখবর নেন। কারও সঙ্গে কি বন্ধুত্ব হয়েছে?মেজবাহ: নেপালের মিডফিল্ডার অমির সঙ্গে এই কদিনে খুব ভালো খাতির হয়ে গেছে। ওর সঙ্গে হোটেলে আমি আড্ডা দিই। ও আমার খেলাধুলা সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে জানতে চায়। অন্যরা বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কিছু বলে না?মেজবাহ: অন্যরাও বলে। নেপালের ইংলিশ কোচ আর পাকিস্তানের কোচ আমাদের খেলা দেখে মুগ্ধ। নেপালের দর্শকও আমাদের অনেক সাপোর্ট করেছে। কিন্তু নেপালের ম্যাচের দিন নাকি বোতল ছুড়ে মেরেছে দর্শকেরা?মেজবাহ: না। সে রকম কিছু তো দেখলাম না। তবে ওই দিন ওদের দেশের পক্ষে থাকাটাই স্বাভাবিক ছিল।