ওএমএস কর্মসূচি এখনই বন্ধ হচ্ছে না: খাদ্যমন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সরকারিভাবে কম দামে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচিকে আরও সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে খোলাবাজারে ওএমএস কেন্দ্র পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী এ কথা বলেন। ক্রেতারা খাদ্যমন্ত্রীর কাছে ওএমএস কর্মসূচি এখনই বন্ধ না করার দাবি জানান। মন্ত্রী ক্রেতাদেরকে ওএমএস কর্মসূচি আরও কিছুদিন অব্যাহত রাখার আশ্বাস দেন।খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয় থেকেও ৩১ জন কর্মকর্তাকে এ কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব দেওয়া আছে। তাঁরা নিয়মিত পরিদর্শন করছেন এবং পরিদর্শন প্রতিবেদন দিচ্ছেন। স্থানীয় লোকজনকেও এ কর্মসূচি সঠিকভাবে চালানোর জন্য তিনি সহযোগিতা করার আহ্বান জানান। আবদুর রাজ্জাক স্থানীয় দোকানদার ও অন্যান্য লোকজনের সঙ্গেও কথা বলেন এবং ওএমএস কর্মসূচি সম্পর্কে খোঁজ নেন। তিনি কর্মসূচিতে বিক্রি করা চালের মান, ওজনে সঠিক দেওয়া হয় কি না, কতক্ষণ ট্রাক থাকে, চাল বিক্রি না করেই ট্রাক চলে যায় কি না, এ কর্মসূচি চালানোর ফলে জনগণের কোনো উপকার হয়েছে কি না, আর কত দিন এ কর্মসূচি চালাতে হবে—এসব বিষয় সম্পর্কে জানতে চান।খাদ্যমন্ত্রী ৫০টিরও বেশি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময়ে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক (বিতরণ) মন্ত্রীর সঙ্গে ছিলেন। বাসস।