ওএমএস চালু, টিআর ও কাবিখা কর্মসূচি জোরদারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দর সহনশীল পর্যায়ে রাখতে খোলা বাজারে বিক্রি (ওএমএস) এবং টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি জোরদার করার সুপারিশ করেছে দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটি।কমিটি মসুর ডাল বিক্রিতে ব্যবসায়ীদের জালিয়াতিও খুঁজে পেয়েছে। একপ্রকারের ডাল কিনে ব্যবসায়ীরা তা বিক্রি করছেন, তিনটি ভিন্ন নামে ও দামে। কম দামের ডাল খাওয়ায় ডালের সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।আজ রোববার সচিবালয়ে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব মোস্তফা মহিউদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন গঠিত তদারক কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর আমদানি, সরবরাহ, মজুদ ও সার্বিক মূল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি, শিল্প, খাদ্য ও দুর্যোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিজিএফআই, বিএসটিআই এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাল ব্যবসায়ী সমিতিকে বিশেষভাবে বৈঠকে থাকার কথা জানানো হলে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।বৈঠকে চাল, চিনি, আটা, পাম তেল, রসুন, শুকনো মরিচ, হলুদ ও গুঁড়ো দুধের দাম বৃদ্ধির কথা স্বীকার করা হয়েছে। টিসিবি এসব পণ্যমূল্যের এক মাসের একটি চিত্র তুলে ধরেছে। এতে মোটা চালের দরের নিত্য বৃদ্ধিকে উদ্বেগজনক বলে বিবেচনা করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোটা চালের দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।