ওএমএস চালু, টিআর ও কাবিখা কর্মসূচি জোরদারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দর সহনশীল পর্যায়ে রাখতে খোলাবাজারে বিক্রি (ওএমএস) এবং টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি জোরদার করার সুপারিশ করেছে দ্রব্যমূল্য-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটি।কমিটি মসুর ডাল বিক্রিতে ব্যবসায়ীদের জালিয়াতিও খুঁজে পেয়েছে। এক ধরনের ডাল কিনে ব্যবসায়ীরা তা বিক্রি করছেন তিনটি ভিন্ন নামে ও দামে। কম দামে ডাল খাওয়াতে ডালের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। ২০ জানুয়ারি বুধবার নেপালের একটি আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করবে বাংলাদেশ।চিনির দাম নিয়ন্ত্রণে ২১ দিনের বেশি সময় পর্যন্ত সরবরাহ আদেশ (ডিও) ধরে না রাখার যে নির্দেশ দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়, তাও পালিত হচ্ছে না বলে কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। চাল, ডাল ও চিনি নিয়ে তাই ভিন্ন ভিন্ন কয়েকটি সুপারিশ করেছে দ্রব্যমূল্য-সংক্রান্ত এই আন্তমন্ত্রণালয় তদারক কমিটি।গতকাল রোববার সচিবালয়ে ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব মোস্তফা মহিউদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন গঠিত তদারক কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর আমদানি, সরবরাহ, মজুদ ও সার্বিক মূল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি, শিল্প, খাদ্য ও দুর্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিজিএফআই, বিএসটিআই ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাল ব্যবসায়ী সমিতিকে বিশেষভাবে বৈঠকে থাকার কথা জানানো হলে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এতে উপস্থিত হন।বৈঠকে চাল, চিনি, আটা, পাম তেল, রসুন, শুকনো মরিচ, হলুদ ও গুঁড়ো দুধের দাম বাড়ার কথা স্বীকার করা হয়েছে। টিসিবি এসব পণ্যমূল্যের এক মাসের একটি চিত্র তুলে ধরেছে বৈঠকে। এতে মোটা চালের মূল্য বৃদ্ধিকে উদ্বেগজনক বলে বিবেচনা করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোটা চালের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।টিসিবি বৈঠকে বলেছে, গত এক মাসে মোটা চালের দাম ১০ দশমিক ২০ শতাংশ অর্থাত্ কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। এক মাস আগে মোটা চাল ২৪ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও গতকালের বাজারদর ছিল ২৬ থেকে ২৮ টাকা কেজি। আর মাঝারি মানের চাল এক মাস আগে ২৭ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও গতকালের বাজারদর ছিল ৩০ থেকে ৩৪ টাকা। কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা। তবে সরু চালের দাম খুব একটা বাড়েনি বলে বৈঠকে তুলে ধরা হয়েছে।আটার দাম কেজিতে দুই টাকা করে বেড়েছে। এক মাস আগে ছিল ২০ থেকে ২৪ টাকা কেজি, বর্তমানে ২৪ থেকে ২৬ টাকা। বৃদ্ধির হার ৯ দশমিক ০৯ শতাংশ। চিনির দামও বেড়েছে মানভেদে কেজিতে তিন থেকে পাঁচ টাকা। ডিপ্লোমা গুঁড়ো দুধের এক কেজির প্যাকেট বা কৌটার এক মাস আগের দর ছিল ৪২০ থেকে ৪৩৫ টাকা। বর্তমানের বাজারদর ৪৬০ থেকে ৪৬৫ টাকা। বিবিএস বৈঠকে জানিয়েছে, ২০০৮-০৯ অর্থবছরে খাদ্যের কোনো ঘাটতি ছিল না। ওই বছর দুই কোটি ৮৫ লাখ টন খাদ্যশস্য উত্পাদিত হয়েছে। এই সময়ের মোট চাহিদা দুই কোটি ৬৪ লাখ টন। সে হিসাবে খাদ্য উদ্বৃত্তই রয়ে গেছে ২১ লাখ টন। চলতি অর্থবছরে উদ্বৃত্ত খাদ্যশস্য আরও বাড়বে বলে প্রাক্কলন করা হয়েছে।তার পরও চালের দাম বাড়ছে কেন—বৈঠকে এমন প্রশ্নের জবাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর। তাদের মতে, বাড়তি দর পাওয়া যাচ্ছে বলে কৃষকেরা সরাসরি চাল বিক্রি করছেন বাজারে। অর্থাত্ মিলের মালিকদের কাছে কৃষকেরা আর চাল বিক্রি করছেন না। এতে বাজার ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা দেখা দিয়েছে। আর এ কারণেই সম্প্রতি চালের দাম বেড়ে গেছে।ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব মোস্তফা মহিউদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, ‘চালের দাম সহনশীল পর্যায়ে রাখতে ওএমএস চালু এবং কাবিখা ও টিআর কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে।’মসুর ডাল নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নেপাল ডাল রপ্তানি বন্ধ রাখায় ডালের দাম বেড়ে গেছে বলে ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়। এতে আরও বলা হয়, কম দামে মসুর ডাল আমদানি করে ব্যবসায়ীরা তা তিনটি শ্রেণীতে ভাগ করেন। আকারে ছোট ডাল তাঁরা বিক্রি করেন উচ্চ দামে। চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এই কাজের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।এ প্রসঙ্গে মোস্তফা মহিউদ্দিন বলেন, ‘নেপাল থেকে ১৪ হাজার ৫০০ টন মসুর ডাল আমদানির উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা এরই মধ্যে নয় হাজার ৫০০ টন আমদানি করে ফেলেছেন। ডালের সরবরাহ বাড়াতে তার পরও নেপালের এক দরপত্রে অংশ নেবে টিসিবি। তা ছাড়া ফেব্রুয়ারিতে নতুন ডাল উঠলে দাম কমে যাবে।’জানা গেছে, ডালের জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখছে।কয়েক মাস আগে বাণিজ্য মন্ত্রণালয় চিনির ডিও ২১ দিনের বেশি ধরে না রাখার নির্দেশ দিলেও তা পরিপালিত না হওয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। বাধ্যতামূলক করা হলেও অনেক ডিওতেই তারিখ ও দর উল্লেখ করা থাকে না। তবে এ ব্যাপারে চিনি ব্যবসায়ীদের বক্তব্য হলো, বাণিজ্যমন্ত্রী শুধু ২১ দিনের কথা বলেছিলেন। সব সময়ের জন্য নয়।চিনির ডিওতে শর্ত ভঙ্গের কারণে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেওয়ার কথা জানান ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব। তিনি বলেন, ‘যেসব নিত্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, মওসুমের সময় এখন থেকে টিসিবি সেগুলো আমদানি করবে। তাহলে দাম একটু কম পাওয়া যাবে।’