ওএসডি করা হলো মোশাররফকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করার পর সেতু বিভাগের সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাঁকে ওএসডি করা হয়। গতকাল সোমবার পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে দুদক মামলা করে। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে ১০ জনের নাম থাকলেও মামলা করা হয়েছে সাতজনের বিরুদ্ধে। বাদ পড়েছেন বর্তমান সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত তিনজন। তাঁরা হলেন: সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও সরকারি দলের হুইপ লিটন চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী। আর মামলা করা হয়েছে সরকারি তিন কর্মকর্তা ও কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের চারজনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক। দুদকের মামলার আসামিরা হলেন: সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা।