ওএসডি তালিকা দাখিলে সময় পেল সরকার
জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার অন স্পেশাল ডিউটি-ওএসডি) হিসেবে ২০০৮ সালের আগের পাঁচ বছরের কর্মকর্তাদের তালিকা দাখিল করতে সরকারকে চার মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় মঞ্জুর করেন। গত বছরের ৪ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১০ বছরের ওএসডি কর্মকর্তাদের তালিকা ও তাঁদের পেছনে ব্যয়সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশ অনুযায়ী আজ রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওএসডি করা কর্মকর্তাদের তালিকা ও ব্যয়সংক্রান্ত তালিকা দাখিল করেন। একই সঙ্গে ২০০৮ সালের আগের তালিকা দাখিলের জন্য ছয় মাসের সময় চেয়ে আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক। পরে আল আমিন সরকার প্রথম আলো ডটকমকে বলেন, পাঁচ বছরের তালিকা দাখিল করা হয়েছে। ২০০৮ সালের আগের পাঁচ বছরের তালিকা দাখিলের জন্য ছয় মাসের আবেদন করা হলে আদালত চার মাস মঞ্জুর করেন। জনপ্রশাসনে গত পাঁচ বছরে সরকারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার পেছনে সরকারের ব্যয় হয়েছে ১০৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৫৩৭ টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো এক প্রতিবেদনে ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ওএসডি করে রাখা কর্মকর্তার সংখ্যা এক হাজার ৯৮৯ জন। এর মধ্যে ১৩ জন সচিব, ১৬৬ জন অতিরিক্ত সচিব, ৪৯০ জন যুগ্ম সচিব, ৭৯০ জন উপসচিব, ৪৬০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৭০ সহকারী সচিব রয়েছেন। এ বিষয়ে আগের নিউজ: ৫ বছরে ব্যয় ১০৩ কোটি টাকা