যুদ্ধাপরাধের বিচার নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ওদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। বিচার-প্রক্রিয়ায় তারা অনেক প্রতিবন্ধকতা তৈরি করবে। ষড়যন্ত্র করবে। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাধীনতার এ মাসে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যারা পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়ে ৩০ লাখ মানুষ হত্যা করেছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়েছে, তাদের বিচার হবেই। তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জাতীয় চার নেতা ও বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের হত্যার বিচারও হবে।বিদ্যুৎসংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পাঁচ বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করেনি। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এদের পরের দুই বছরও কোনো উৎপাদন হয়নি। তিনি বলেন, বিদ্যুৎ রাতারাতি উৎপাদন করা যায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ বছরের মধ্যে আরও ৮০০ মেগাওয়াট যোগ হবে।শেখ হাসিনা বলেন, ‘জিয়া আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিলেন। খুনিদের পুরস্কৃত করা হয়। বিদেশে চাকরি দেওয়া হয়। আমাকে দেশে ফিরতে দেওয়া হয়নি।’ তিনি বলেন, সর্বোচ্চ আদালত জিয়ার ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এই রায়ের পর বিন্দুমাত্র লজ্জা থাকলে তারা প্রকৃত ইতিহাসকে স্বীকার করবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিএনপি এক নতুন কৌশল নিয়েছে। তারা বলছে, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। এসব কথা বলে তারা বিচার-প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। কারণ যে দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটিতে যুদ্ধাপরাধী আছে, সেই দল কখনোই এ বিচার হোক তা চাইবে না।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদেরও বিচার হবে এবং তা কার্যকর হবে। সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন মুস্তাফা নূরউল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন, ইয়াফেস ওসমান, মাহবুবুল আলম হানিফ, আবদুল মতিন খসরু, এম এ আজিজ প্রমুখ। আলোচনা সভা উপস্থাপনা করেন নূহ উল আলম লেনিন।