ওদের জন্যই বেঁচে আছি
সম্বিত আর নাজিতকে ঘিরেই সময় কাটে তাঁর। নাতিরাও তাঁকে ছাড়া কিছু বোঝে না। সব আবদার যেন দাদির কাছে। আড়াই বছরের নাজিতকে গোসল করিয়ে তবেই কথা বলার সুযোগ মিলল মহসিনা খাতুনের। চোখেমুখে তৃপ্তি। বসার ঘরে ঢুকেই নাতিদের কথা বলা শুরু করলেন তিনি। ৭৫ বছর বয়সী এই নারীর গৌরবোজ্জ্বল আরেকটি পরিচয় আছে। তিনি শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশার স্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনোয়ার পাশা ভবনেই থাকেন তিনি। কথা হয় তাঁর বাড়িতে বসেই। ‘জীবনে কত খারাপ সময় পার করে এসেছি...। সেসব দিনের কথা ভাবতে গেলে মনে হয়, কীভাবে তখন পেরেছিলাম। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সকালে ওকে (আনোয়ার পাশা) নাশতা দিয়ে আমি সবে শোবার ঘরে গিয়েছি। সেখান থেকে দেখলাম বাসের মতো কিছু একটা থামল বাড়ির সামনে। ভাবলাম, হয়তো কোনো দালালের হবে। তখনই ওরা এসে ওকে ধরে নিয়ে গেল। পানিও খেতে পারল না মানুষটা।’ বলেই অন্যমনস্ক হয়ে যান মহসিনা খাতুন। একটু থেমে আবার বলতে শুরু করেন। ‘কত জায়গায় খোঁজাখুঁজি করলাম। রমনা থানায় গেলাম। পরের বছরের ২ জানুয়ারি লাশ পেলাম মিরপুর বধ্যভূমিতে। এরপর দিনগুলো কীভাবে যে কেটেছে! দুই ছেলে আমাদের। বড় ছেলে তখন কলেজে পড়ে। আর ছোটটার বয়স ছয় বছর। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকলে কী পরিস্থিতি হয়, তা অনুমান করা যায়। আমি ছিলাম সাধারণ গৃহিণী। নিজে যে চাকরি করব, সে অবস্থা ছিল না। তখন শহীদ বুদ্ধিজীবী পরিবারকে ৫০০ টাকা ভাতা দেওয়া হতো। পরে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা হলো। তাই দিয়ে কোনো রকম চলতাম। এরপর ঘটল জীবনের আরেক ঘটনা। ১৯৭২ সালের দিকেই হবে, যা আমাদের বিপর্যস্ত পরিবারকে নতুন করে বিধ্বস্ত করে দিল। আমার বড় ছেলেকে ভুল করে পুলিশ ধরে নিয়ে গেল। পরে যদিও পুলিশ তাদের ভুল বুঝতে পারল, কিন্তু ততক্ষণে আমার সব শেষ হয়ে গেল। ছেলেটা বাড়িতে ফিরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। ইন্টারমিডিয়েটে ও অনেক ভালো রেজাল্ট করেছিল। আমার মেধাবী ছেলেটা চিকিৎসক-প্রকৌশলী কিছুই হতে পারল না। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও বাংলায় ভর্তি হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কর্মরত। কিন্তু আজও সে সম্পূর্ণ সুস্থ হতে পারেনি। চোখে কম দেখে। কিডনিতেও নানা সমস্যা। সন্তান অসুস্থ হলে কোনো মা ভালো থাকে?’ বলেন মহসিনা খাতুন। টেবিলে ছিল চারটি কাগজের একটি পাণ্ডুলিপি। বড় নাতি সেটি নিয়ে বলল, ‘এটা আমাকে দাও। কী এটা?’ মহসিনা খাতুন হাতে নিয়ে বললেন, ‘এটা তোমার দাদার লেখা শেষ পাণ্ডুলিপি। আমাকে দাও ভালো করে রেখে দিই। ভবিষ্যতে তুমি এর দেখভাল করবে।’ আলমারিতে পাণ্ডুলিপি রেখে আবার নিজের কথা বলতে শুরু করেন। ‘একদিনের কথা খুব মনে হয়। সেদিন কি একটা কেনার প্রয়োজন ছিল। খুব জরুরি। সারা ঘর খুঁজেও চারআনা পাইনি। এমনও দুঃসহ দিন কেটেছে। কোনো রকমে জোগাড়যন্ত্র করে ছেলেদের খাইয়েছি। রাজশাহীতে আমার এক বোন থাকেন। ওঁরা আর্থিক ও মানসিকভাবে অনেক সাহায্য করেছেন। বোনের মেজো মেয়েটা সৌদি আরবের চিকিৎসক। ও সেখান থেকে টাকা পাঠাত। তাই দিয়ে সংসার চালাতাম। এর মধ্যে ছোট ছেলে রবিউল বুয়েট থেকে পাস করল। তখন আবার বিশ্ববিদ্যালয়ের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। ওরা লেখাপড়ায় ভালো ছিল। বিনা বেতনে পড়েছে। আমার ছোট ছেলেটার জন্য মন খারাপ হয়। ও একদম বাবার আদর পায়নি।’কেমন আছেন আপনি? কীভাবে কাটছে সময়?‘এখন দুই ছেলেই চাকরি করছে। ওরা ভালো আছে। এটা দেখেই ভালো লাগে। মাঝেমধ্যে নাতিটা জিজ্ঞাসা করে, দাদি, দাদা কোথায় গেছে। কারা নিয়ে গেছে? কত যে প্রশ্ন! গল্পচ্ছলে ওদের মুক্তিযুদ্ধের কথা বলি। রাতে বড় নাতিটা আমার কাছেই ঘুমায়। প্রতিদিন ছাদে হাঁটাহাঁটি করি। নাতিরা আমার হাতের রান্না খুব পছন্দ করে। সেগুলো তৈরি করে খাওয়াই। ওদের জন্যই তো বেঁচে আছি। ভালো থাকার চেষ্টা করি। রাতে প্রায়ই ঘুম ভেঙে যায়। মনে হয় উনি বুঝি এসেছেন। দরজায় টোকা পড়ছে। আজও আমি বিশ্বাস করি না যে আনোয়ার পাশা নেই।’