ওপরে আকাশ নিচে অঙ্ক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ধরনের শ্রেণীকক্ষ। সেখানে নেই কোনো চারদেয়াল। পড়ানো হচ্ছে খোলা আকাশের নিচে। যেন শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে থেকে পড়তে পারে। এই পরিবেশ তাদের আরও মনোযোগ বাড়িয়ে দেবে। আচার-আচরণেও পরিবর্তন আসবে। এটি কোনো স্বপ্নের গল্প নয়। বাস্তবে এই শ্রেণীকক্ষ তৈরি হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকার কান্দাপাড়ায়। স্কুলের নাম শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের নকশা পরিকল্পনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাতলুবা খান। ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ হিসেবে বাইরের শ্রেণীকক্ষ’ এই শিরোনামে মাতলুবা খান তাঁর মাস্টার্স থিসিস করেন। এই স্কুলের চতুর্থ শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর ওপর তিনি গবেষণা করেন। তাঁর গবেষণার ফল থেকে এ ধরনের শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের সাড়ে তিন শ শিক্ষার্থীর প্রিয় জায়গা বাইরের শ্রেণীকক্ষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকিউল ইসলামের তত্ত্বাবধানে মাতলুবা খান তাঁর এই বাইরের শ্রেণীকক্ষ মডেলের স্থাপত্য বাস্তবায়ন করেন। সরেজমিনে গত শনিবার রায়পুরার কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের পাশে ইটের তৈরি কালো একটি বোর্ডকে কেন্দ্র করে চার সিঁড়ির ছোট একটি গ্যালারি। সেখানে ক্লাস করছে শিক্ষার্থীরা। প্রাকৃতিক পরিবেশে চারদিকবেষ্টিত দেয়ালবিহীন অর্ধ গোলাকার গ্যালারি ও তার মাঝখানে একটি কালো বোর্ড। সেখানে শিক্ষক তাদের পড়াচ্ছেন। কয়েকটি শ্রেণীর কিছু বিষয়ে ক্লাস হয় এই খোলা শ্রেণীকক্ষে। এমনকি প্রাক-প্রাথমিক ক্লাসও এখানে নেওয়া হয়।কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আনোয়ারা বেগম বলে, ‘বায়রে কেলাস (ক্লাস) করলে অনেক ভাল্লাগে (ভালো লাগে)। সারেরেও আমরা দেখতে পারি, আর সারও আমগোরে দেখতে পারে। এরপর আবার খোলা জায়গায় আলো-বাতাস বেশি, সব মিলাইয়া কেন জানি কেলাসরুমের থেইক্কা (থেকে) এইহানেই বেশি ভাল্লাগে। বিজ্ঞান আর অঙ্ক কেলাসের লগে লগে যদি সবগুলি কেলাস এইহানে করাইত, তয় অনেক ভালা লাগত।’ কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা রানী পাল বলেন, ‘বাইরের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশি। আমরা গত এপ্রিল মাস থেকে তৃতীয়-পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ক্লাসগুলো বাইরের শ্রেণীকক্ষে নিচ্ছি। এতে করে আগের তুলনায় এ দুটি বিষয়ে শিক্ষার্থীদের বেশি মনোযোগ বা আগ্রহ দেখা যাচ্ছে।’কান্দাপাড়া শহীদ বশিরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘পৌর এলাকার মধ্যে একমাত্র আমাদের বিদ্যালয়টির অবকাঠামোগতভাবে উন্নয়ন হয়নি। লেখাপড়ার জন্য উপযুক্ত পরিবেশ অনেক বড় ভূমিকা পালন করে। তবে আমাদের বিদ্যালয়ের যে পরিবেশ, তাতে “বাইরের শ্রেণীকক্ষ” শিক্ষকদের পাঠদানে এবং শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছে।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের প্রভাষক মাতলুবা খান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠ গ্রহণের শিক্ষার একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে প্রথমে পাঠদানের জন্য যে জায়গাটি ব্যবহার করা হচ্ছে, তা পাঠদান ও পাঠ গ্রহণের জন্য যথাযথ কি না, তার ওপর গুরুত্বারোপ করতে হবে। আর আমি এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে গবেষণা করেছি, প্রাকৃতিক পরিবেশে খোলামেলা জায়গায় শিক্ষার্থীদের পাঠদান একটি বড় ধরনের প্রভাব ফেলছে। আর বাইরের শ্রেণীকক্ষ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বিপরীতে না নিয়ে শিক্ষার্থীদের বর্ধিত শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার মান বাড়াতে এই প্রকল্পটি এগিয়ে নিতে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে বা কোনো বেসরকারি সংস্থার এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। কারণ আমাদের দেশে সুষ্ঠু শিক্ষার পরিবেশ খুব কম। এ কারণে যদি প্রতিটি বিদ্যালয়ে এ প্রকল্পের বাস্তবায়ন করা হয়, তাহলে বাইরের শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সহায়কের ভূমিকা পালন করবে।’