ওবামা আজ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করবেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহস্পতিবার ইরানের জ্বালানি ও ব্যাংকিং সেক্টরের ওপর নতুন কিছু কঠোর বিধি-নিষেধ আরোপকারী একটি আইনে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট গত সপ্তাহে এ নতুন নিষেধাজ্ঞা বিলটি অনুমোদন করে। বিলটিতে ইরানকে গ্যাসোলিন সরবরাহকারী কোম্পানিগুলো ও সেই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে অস্বীকার করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটির ওপর জারি করা নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্র এ আইন প্রণয়ন করছে।ইরান যদিও জোর গলায় দাবি করছে, তার পরমাণু কর্মসূচির লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন। কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিগুলোর সন্দেহ, এটা আণবিক বোমা তৈরির চেষ্টা গোপন করার জন্য একটি ছলনা মাত্র। এ পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য ইরানের ওপর চাপ প্রয়োগের উদ্দেশে মার্কিন আইনপ্রণেতারা গত কয়েক মাস ধরে ইরানের ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য ওবামা প্রশাসনকে তাগাদা দিয়ে আসছিলেন। হোয়াইট হাউস জানায়, ওবামা আজ স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় নতুন নিষেধাজ্ঞা বিলটি স্বাক্ষর করবেন। — রয়টার্স