ওবামা ইন্দোনেশিয়া পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দোনেশিয়া পৌঁছেছেন। তিন দিনের ভারত সফর শেষে আজ মঙ্গলবার সকালে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন।১০ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে তিনি গত শনিবার ভারত এসেছিলেন। তিন দিনের ভারত সফর শেষে আজ মঙ্গলবার সকালে তিনি জাকার্তার উদ্দেশে নয়াদিল্লি ছাড়েন। এ সময় বিমানবন্দরে ভারতের করপোরেট অ্যাফেয়ার্স মন্ত্রী সালমান খুরশিদ, পররাষ্ট্রসচিব নিরুপমা রাও, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবামার ইন্দোনেশিয়া সফরে নিরাপত্তা, বাণিজ্য ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ওবামা দুবার ইন্দোনেশিয়া সফরের ঘোষণা দিলেও অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে তা বাতিল করা হয়। এমনকি এবারের সফরটিও মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল।বিশ্লেষকেরা বলছেন, বেশকিছু কৌশলগত ও ব্যক্তিগত কারণে ওবামার ইন্দোনেশিয়া সফরের আলাদা তাৎপর্য রয়েছে। তিনি তাঁর শৈশবের একটা অংশ ইন্দোনেশিয়ায় কাটিয়েছিলেন। ইন্দোনেশিয়ার সঙ্গে তাঁর কিছু ব্যক্তিগত স্মৃতি জড়িয়ে আছে।অন্যদিকে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেদের এরই মধ্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তা ছাড়া শক্তিশালী অর্থনৈতিক জোট জি-২০ভুক্ত ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্রও। রয়টার্স