ওবামা ও ক্যামেরনের চেয়ে বেশি বেতন হচ্ছে গিলার্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতা সবারই জানা। কোনো দিক থেকেই তাঁদের পেছনে ফেলা সহজ কথা নয়। তবে এবার বোধ হয় তাঁরা পেছনেই পড়ে গেলেন। বেতনের দিক থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এই দুই নেতাকে পেছনে ফেলতে যাচ্ছেন। কুরিয়ার মেইলের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার সাংসদদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির একটি স্বাধীন শ্রম ট্রাইব্যুনাল। এর ফলে দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বেতন বেড়ে দাঁড়াবে চার লাখ ৭০ হাজার ডলারে, যা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চেয়ে বেশি। এ সিদ্ধান্ত কার্যকর হলে পার্লামেন্টের সব সদস্যের বেতন বাড়বে। কুরিয়ার মেইলের প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সব মিলিয়ে চার লাখ ৭০ হাজার ডলার বেতন পাবেন।বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বেতন চার লাখ ডলার। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বেতন দুই লাখ ২১ হাজার ডলার। দেশটির বাজেটে ব্যাপক কাটছাঁট করার প্রেক্ষাপটে এ ধরনের একটি সিদ্ধান্ত কার্যকর হলে তা জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।