ওবামা-কারজাই শান্তি আলোচনা কাল
আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া নিয়ে আগামীকাল শুক্রবার আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তাঁদের এ বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শান্তিপ্রক্রিয়া। এ ছাড়া যুদ্ধের বিভিন্ন দিক, ভবিষ্যতে আফগানিস্তানে মার্কিন সেনাসংখ্যা ও আফগান সেনাদের বিষয়ও থাকবে।গতকাল বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা জানান, আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার আর জঙ্গিদের মধ্যে আলোচনার পথ সৃষ্টি করা এবং ঐকমত্যের ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।গত ডিসেম্বর মাসে ফ্রান্সের তালেবানদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন উচ্চপর্যায়ের আফগান শান্তি পরিষদের সদস্যরা। এতে কারজাই সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এদিকে আফগানিস্তানের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশ পাকিস্তানও তার রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।