ওবামা কাল ভারত সফরে আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিন দিনের সফরে আগামীকাল শনিবার ভারতে আসছেন। তাঁর এই সফরে ইন্দো-মার্কিন কৌশল, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং নতুন করে সন্ত্রাসবিরোধী যুদ্ধের বিষয়টি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, ওবামা মুম্বাই দিয়ে তাঁর ভারত সফর শুরু করবেন। এ সময় তিনি মুম্বাইয়ের হোটেল তাজে অবস্থান করবেন। হোটেল তাজের মালিক ও ভারতের শীর্ষ ব্যবসায়ী রতন টাটা ওবামাকে ২০০৮ সালে হোটেলটিতে ভয়াবহ জঙ্গি হামলার বিবরণ তুলে ধরবেন। এদিকে বারাক ওবামার নিরাপত্তা-ব্যবস্থা সুনিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে দুটি বৃহত্ বিমান ও চারটি হেলিকপ্টার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এই বিমান ও হেলিকপ্টারগুলোর পর্যবেক্ষণ এবং বোমা নিক্ষেপের ক্ষমতা রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ওবামাকে বহনকারী বিমান অবতরণের ছয় মিনিট আগে ও পরে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য কোনো বিমান চলাচলের অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারতে সাধারণত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী বিমান অবতরণের আগে ও পরে তিন মিনিট করে অন্যান্য বিমান চলাচল বন্ধ রাখা হয়।—পিটিআই।