ওবামা-দালাই লামা সাক্ষাত্কারে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাত্কারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। গতকাল শনিবার দালাই লামার সঙ্গে সাক্ষাত্ করেন প্রেসিডেন্ট ওবামা। এ ঘটনায় আজ রোববার বেইজিংয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে চীনের মনোভাব জানিয়ে দেওয়া হয়।চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গতকাল হোয়াইট হাউসে দালাই লামার সঙ্গে দেখা করেন ওবামা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৪৫ মিনিটের ওই সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা দালাই লামার সঙ্গে তিব্বতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিব্বতে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য দালাই লামার প্রশংসাও করেন ওবামা। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ওবামা দালাই লামাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিব্বতের স্বাধীনতার ব্যাপারটি যুক্তরাষ্ট্র সমর্থন করে না।হোয়াই হাউসের ওই বিবৃতির পর আজ রোববার সকালে চীন এ বিষয়ে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা জুয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘এ সাক্ষাত্কার চীনের অভ্যন্তরীণ বিষয়ে অশুভ হস্তক্ষেপ এবং এটা চীনের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। এতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’ রয়টার্স।