ওবামা মার্কিন পণ্যের জন্য বাজার উন্মুক্ত করতে চীনের ওপর চাপ বাড়াবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের জন্য তার বাজার উন্মুক্ত করতে চীনের ওপর তিনি চাপ আরও বাড়াবেন। ডেমোক্রেটিক দলের সিনেটরদের ওবামা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তির ধারা মেনে চলতে চীনসহ বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। তিনি বলেন, চীনের জন্য যুক্তরাষ্ট্রের বাজার বন্ধ করে দেওয়া ঠিক হবে না। কেননা তিনি চীনের ক্ষেত্রে কোনো সংরক্ষণবাদী অবস্থান নিতে চান না।তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। যুক্তরাষ্ট্র পরিচালিত ওয়েবসাইটে চীনের সাইবার হামলা ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাকে কেন্দ্র করেও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের তিক্ততা বেড়েছে। এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাউ জু বলেন, ‘আমরা চাই তিব্বতসহ বিভিন্ন ইস্যু নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততা যাতে আর না বাড়ে।’ ডেমোক্রেট সিনেটরদের সঙ্গে এক বৈঠকে ওবামা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চীন ও অন্যান্য দেশের উচিত যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য তাদের বাজার উন্মুক্ত করা। যুক্তরাষ্ট্র তার উত্পাদিত পণ্য সারা বিশ্বে বিক্রি করতে চায়। আর মার্কিন পণ্যের একটি বড় বাজার হতে পারে চীন। বাণিজ্যিকভাবে চীন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হারও নিয়ন্ত্রণ করা হবে বলে ওবামা জানান। তবে তিনি ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের বিনিময় মূল্য কত হবে, তা স্পষ্ট করে বলেননি।