ওবামা-মেদভেদেভের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আজ বৃহস্পতিবার প্রাগে একটি যুগান্তকারী পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছেন। এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রভাব ফেলবে এবং যেসব দেশ পারমাণবিক ক্ষমতা অর্জন করতে চাইছে, তাদের ওপর চাপ প্রয়োগ করতে সহায়তা করবে।মধ্যযুগীয় প্রাগ প্রাসাদে পারমাণবিক নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্য এশিয়ার কিরগিজস্তানে গণ-অভ্যুত্থান বিষয়ে আলোচনার পর এই চুক্তি স্বাক্ষর করেন ওবামা ও মেদভেদেভ।এই চুক্তির ফলে ঠান্ডা লড়াই যুগের এ দুই শত্রু দেশ আগামী সাত বছরের মধ্যে তাদের বিশাল পারমাণবিক অস্ত্র মজুদ থেকে ৩০ শতাংশ কমিয়ে ফেলবে। পারমাণবিক অস্ত্র কমানোর ব্যাপারে এই দুই দেশের আন্তরিকতা দেখানোর প্রয়োজন ছিল, বিশেষ করে ইরান ও উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার জন্য।ওবামার প্রাগ সফর সম্পর্কে হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, মেদভেদেভের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য জাতিসংঘের কঠোর কর্মসূচি আরোপের ব্যাপারে ওবামার কথা হবে। তবে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এখানে নাও হতে পারে।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেন, ইরানের জবাবদিহিতা নিশ্চিত করতে রাশিয়ার জনগণ অনেক আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ। রয়টার্স।