ওবামা লোক ভালো!
লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বিস্তারের ঘোর বিরোধী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। এর আগে কয়েকবার বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর একহাত নিয়েছেন চাভেজ। অথচ নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এক সমাবেশে গতকাল শুক্রবার তিনি বলেন, ‘ওবামাও প্রচারণা চালাচ্ছেন। তিনিও প্রার্থী। আশা করছি, সত্যিকার বিপ্লবীরা সবকিছু ঠিকঠাক বুঝতে পারে। আমি মনে করি, প্রেসিডেন্ট সত্তার বাইরে তিনি একজন ভালো মানুষ।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি নয়। সংবাদ সংস্থা রয়টার্সের এক খবরে আজ এ কথা জানানো হয়।গত সপ্তাহে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ভেনেজুয়েলার সাম্প্রতিক কাজকর্মে বোঝা যায়, দেশটি যুক্তরাষ্ট্রের প্রতি কোনো ঝুঁকি নয়। এরপরে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি ওবামার ওপরে এক হাত নেন। তিনি ওবামার বক্তব্যকে ‘হতাশাজনক ও দুঃখের’ বলে বর্ণনা করেন। তিনি ডেমোক্রেটিক পার্টির পররাষ্ট্রনীতির সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।চাভেজ সম্ভবত রমনির অভিযোগের জবাবে এ কথা বললেন। তিনি বলেন, যখনই কারাকাস এবং ওয়াশিংটনের মধ্যে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছে, তখনই অন্তর্ঘাতী লোকেরা মার্কিন মিডিয়ায় এ নিয়ে হইচই শুরু করে। চাভেজ প্রায়ই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বাধীন কিউবার উচ্চ প্রশংসা করেন। এ কারণে ফ্লোরিডার জনগণের মধ্যকার একটি বড় অংশ তাঁকে অপছন্দ করেন। রমনি মূলত চাভেজের সমালোচনা করে কিউবান-আমেরিকান ভোটারদের মন জয় করতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।