ওবামা শেখাবেন বাস্কেটবল, আর ক্যামেরন ক্রিকেট (ভিডিও)
বারাক ওবামা ও ডেভিড ক্যামেরন—প্রথম জন মার্কিন প্রেসিডেন্ট, পরের জন হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁদের একজন যখন অন্য জনের দেশ সফর করতে যান তখন ভীষণ ব্যস্ত সময় কাটান। তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারের ঘটনাটা একটু ব্যতিক্রম। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ডেভিড ক্যামেরন। সফরের প্রথম দিনে ওবামা তাঁকে স্বাগত জানালেন একটি বাস্কেটবল ম্যাচ দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।রয়টার্সের এক ভিডিওচিত্রে দেখা যায়, গতকাল ওবামার সঙ্গে ‘দ্য মার্চ ম্যাডনেস টুর্নামেন্ট’র উদ্বোধনী ম্যাচ দেখার মাধ্যমে ক্যামেরন তাঁর যুক্তরাষ্ট্র সফরের প্রথম সন্ধ্যাটি কাটান। খেলাটি অনুষ্ঠিত হয় ওহাইও রাজ্যের ডেটনে।
খেলার প্রথমার্ধ শেষে ওবামা ও ক্যামেরন কোর্টে নামেন। সেখানে এক সংবাদকর্মীর সঙ্গে তাঁদের কথা হয়। ওবামা বলেন, উভয় দলই বেশ উত্তেজিতভাবে খেলছে। তবে মজার ব্যাপার হলো, গতকালই প্রথমবারের মতো ক্যামেরন বাস্কেটবল খেলা দেখতে কোর্টে যান। এর আগে কখনো তিনি কোর্টে যাননি। আর খেলা বুঝতে বেশ অসুবিধায় পড়তে হয়েছে তাঁকে। ক্যামেরন বলেন, খেলাটি খুব দ্রুতগতির হওয়ায় প্রায়ই বোঝা যায় না কে কোন ভুলটি করল। তিনি বলেন, বাস্কেটবল বুঝতে ওবামা তাঁকে টিপস দিয়েছেন। অন্যদিকে ক্যামেরন ওবামাকে ক্রিকেট শেখাতে যাচ্ছেন। ওবামা বলেন, ‘ক্রিকেটটা আমি বুঝি না। এটা নিয়ে কী হচ্ছে, না হচ্ছে—তা ক্যামেরন আমাকে শেখাবেন।’আলাপচারিতার একপর্যায়ে ওই সংবাদকর্মীর মাধ্যমে ডেভিড ক্যামেরন বিশ্ববাসীকে চলতি বছর অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকে স্বাগত জানান।উল্লেখ্য, মিসিসিপি ভ্যালি স্টেট ডেল্টা ডেভিলস বনাম ওয়েস্টার্ন কেনটাকি হিলটপারসের মধ্যে ওই খেলা অনুষ্ঠিত হয়েছিল।