ওবামা-হিলারির সন্ধান দিলে উট ও মুরগি পুরস্কার!
আল-কায়েদাসহ কালো তালিকাভুক্ত জঙ্গিদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র প্রায়ই বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে। এবার যুক্তরাষ্ট্রকে উপহাস করে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সন্ধানদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সোমালিয়ার একটি ইসলামী জঙ্গি গোষ্ঠী।জঙ্গিদের তত্পরতা পর্যবেক্ষণকারী এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমালিয়ায় আল-কায়দার সহযোগী সংগঠন শাবাব আল-মুজাহিদিন মুভমেন্টের প্রধান ফুয়াদ মুহাম্মদ খালাফ গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘোষণা দেন।বিদ্রূপপূর্ণ ওই ঘোষণায় ফুয়াদ মুহাম্মদ খালাফ বলেন, ‘যে ব্যক্তি বোকা ওবামার গোপন অবস্থানের খোঁজ দেবে, তাকে ১০টি উট দেওয়া হবে। আর বৃদ্ধা হিলারি ক্লিনটনের সন্ধানদাতাকে ১০টি মুরগির বাচ্চা ও ১০টি মোরগ দেওয়া হবে।’গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগ আল শাবাবের প্রধান খালাফ ও তাঁর তিন সহযোগীর সন্ধানদাতাদের জন্য ৫০ লাখ ডলার করে এবং আল শাবাবের প্রতিষ্ঠাতা আহমেদ আবদি ওয়া-মোহামেদের সন্ধানদাতাদের জন্য ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।জঙ্গি গোষ্ঠীটির নেতাদের ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র যে লাখ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছে, সেটাকে ব্যঙ্গ করতেই তারা এ পদক্ষেপ নিয়েছে।২০০৮ সালে মার্কিন সরকার আল শাবাবকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। সোমালিয়ার একটি বড় অংশ বর্তমানে আল শাবাবের দখলে আছে। তবে সন্ত্রাসী কার্যকলাপের কারণে জঙ্গি গোষ্ঠীটি সম্প্রতি সোমালিয়া সরকার, কেনিয়া, ইথিওপিয়া এবং আফ্রিকান ইউনিয়নের সেনাবাহিনীর চাপের মুখে আছে।