ওবামা ‘সদৃশ’ শয়তানকে নিয়ে বিপাকে হিস্ট্রি চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিস্ট্রি চ্যানেল কর্তৃপক্ষ বলেছে, তাদের ‘দ্য বাইবেল’ নামের নতুন ধারাবাহিকে শয়তান চরিত্রে অভিনয়কারীর আদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেহারার যে আপাত মিল দেখা গেছে, তা কাকতালীয়। এ ধরনের ঘটনা তাদের কাছে অনাকাঙ্ক্ষিতও বটে। ফক্স নিউজের খবরে আজ মঙ্গলবার বলা হয়েছে, ‘বাইবেল’ শিরোনামে হিস্ট্রি চ্যানেলে নতুন একটি ধারাবাহিক প্রচার শুরু হলে অনেক দর্শকই আপত্তি তোলেন যে, নাটকে শয়তান চরিত্রে অভিনয়কারীর চেহারার সঙ্গে বারাক ওবামার চেহারার মিল আছে এবং পরিচালকেরা তা করেছেন স্বেচ্ছায়।শয়তানের চেহারায় ইচ্ছা করে প্রেসিডেন্টের চেহারা ফুটিয়ে তোলা হয়েছে, এমন প্রতিবেদনকে পরিচালক মার্ক বার্নেট ও রোমা ডউনি ‘বোকামি’ বলে অভিহিত করেছেন।এক সংবাদ বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘এটি একেবারেই আহাম্মকি। শয়তান চরিত্রটিতে অভিনয়কারী মেহদি ওজ্জানি মরোক্কোর একজন নামকরা অভিনেতা। এর আগে তিনি বাইবেলের অনেকগুলো মহাকাব্যিক চরিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে শয়তান চরিত্রটিও আছে। আর তিনি যখন সেটি করেছেন, তখন বারাক ওবামা প্রেসিডেন্ট হননি।’ডাউনি বলেন, ‘মার্ক ও আমি দুজনই প্রেসিডেন্টকে সম্মান করি ও ভালোবাসি। তিনি একজন নিষ্ঠাবান খ্রিষ্টান। বাইবেলের কাহিনির মধ্যে যে সৌন্দর্য লুকায়িত আছে, সেটি থেকে বিচ্যুত করাই এসব মিথ্যা প্রতিবেদনের উদ্দেশ্য।’হিস্ট্রি চ্যানেল কর্তৃপক্ষ বলছে, গুজব রটানো বন্ধ হওয়া উচিত। ধারাবাহিক নাটকটিতে সেরা অভিনেতারা বাইবেলের ঘটনাবলিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ‘প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি হিস্ট্রি চ্যানেলের সর্বোচ্চ সম্মান দেখায়।’গত রোববারে রাতে ধারাবাহিকটির একটি পর্ব প্রচারিত হলে অনেক দর্শক টুইটারে অনুভূতি প্রকাশ করেন। তাঁদের মত হলো, বারাক ওবামার সঙ্গে শয়তানের চেহারার মিল আছে। একজন লিখেছেন, ‘“দ্য বাইবেলে” যে ব্যক্তিটি শয়তানের চরিত্রে অভিনয় করেছেন, তাঁর সঙ্গে প্রেসিডেন্টের চেহারার মিল আছে।’ আরেকজন লিখেছেন, ‘এটা ইচ্ছা করে করা হয়েছে—এমনটা না হলেই ভালো।’আরেকজন লিখেছেন, ‘কেউ লক্ষ করেছেন কি শয়তান চরিত্রে অভিনয়কারী কথা বলেন নাচো লিব্রের (একজন মেক্সিকান পাদরি, যিনি তাঁর এতিমখানা চালাতে ভাঁড়ের অভিনয় করতেন) মতো আর দেখতে বারাক ওবামার মতো।’