ওবামাকে উত্ত্যক্ত করলেন এক সাংবাদিক!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির অভিবাসন বিষয়ে গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরছিলেন। কিন্তু তাঁর বক্তব্য চলাকালে হঠাত্ করেই নিয়মনীতি লঙ্ঘন করে ডেইলি কলার নামের ওয়েবসাইটের সাংবাদিক নেইল মুনরো ওবামাকে প্রশ্ন করে বসেন। এ কাজটি তিনি কয়েকবারই করেন। তবে প্রতিবারই বেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে বক্তব্য চালিয়ে যান ওবামা।পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ওবামার বক্তব্যের মধ্যভাগে হঠাত্ করে ওই সাংবাদিক প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘অভিবাসীদের জন্য এত দরদ দেখাচ্ছেন কেন?’ এমন প্রশ্নের উত্তরে ওবামা বলেন, ‘দুঃখিত, এটা প্রশ্ন করার সময় নয়।’এরপর কিছুক্ষণ প্রেসিডেন্ট ওবামার বক্তব্য শোনেন সাংবাদিক নেইল। কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরতে পারেননি তিনি। তাই আবারও ওবামার উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘এবার কি আপনি প্রশ্ন নেবেন?’ ওবামার ঝটপট উত্তর, ‘বক্তব্য রাখার সময় নয়।’ তবে এখানেই শেষ নয়। প্রেসিডেন্ট ওবামার কথা বলার সময় আবারও নেইল প্রশ্ন করেন। জবাবে ওবামা বলেন, ‘আমি তর্ক করতে আসিনি। আমি আপনার প্রশ্নের উত্তর দেব।’ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক ডেইলি কলার ওয়েবসাইটটির মালিক। সংস্থাটির হয়ে সংবাদ সংগ্রহের অস্থায়ী পাস নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন নেইল।নেইলের এ ধরনের আচরণকে ‘অভদ্রতা’ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের সংগঠন হোয়াইট হাউস করেসপন্ডেট অ্যাসোসিয়েশন। তবে যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ, সেই নেইল আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, প্রেসিডেন্টকে উত্ত্যক্ত করার কোনো ইচ্ছাই তাঁর ছিল না। তাঁর মনে হচ্ছিল, প্রেসিডেন্ট তাঁর বক্তব্য শেষ করে ফেলেছেন, তাই তিনি প্রশ্ন করছিলেন।