ওবামাকে উপহাস করলেন আল-কায়েদার জাওয়াহিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে চলমান যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে গতকাল সোমবার ইন্টারনেটে প্রকাশিত এক বার্তায় উপহাস করেছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা জাওয়াহিরি। আয়মান আল-জাওয়াহিরি আরও বলেন, পশ্চিমাদের মিত্র আরব দেশগুলোর ক্ষমতাসীন নেতারা ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের চেয়েও বেশি ক্ষতিকর।আল-কায়েদা প্রায়ই ব্যবহার করে এমন কিছু ইসলামি ওয়েবসাইটে প্রকাশিত একটি রেকর্ড করা অডিও বার্তায় জাওয়াহিরির মতো কণ্ঠস্বরে এক ব্যক্তি বলেন, ‘বেচারা ওবামা কাবুলে এসে প্রতিশ্রুতি দিল তালেবানেরা আর ক্ষমতায় ফিরবে না...আরে হতভাগা, তুমি কি বলতে পার, যে তোমার দলবল নিরাপদে আমেরিকায় ফিরে যাবে?’ওবামা প্রেসিডেন্ট হিসেবে গত মার্চে প্রথমবারের মতো আফগানিস্তান সফর করেন। সেখানে মার্কিন সৈনিকদের উদ্বুদ্ধ করতে এক ভাষণে তাঁদের বলেন, তিনি নিশ্চিত যে, তাঁরা তাঁদের মিশনে সফল হবেন।পাশ্চাত্যের মিত্র আরব নেতাদের প্রসঙ্গে জাওয়াহিরি বলেন, ‘এসব ইহুদিপন্থী আরব, যাঁদের সঙ্গে আমরা বাস করি ও হাসি বিনিময় করি...তাঁরা ইহুদিপন্থী ইসরায়েলিদের চেয়ে বেশি বিপজ্জনক।’মিসরের নাগরিক জাওয়াহিরি মিসরের সঙ্গে গাজার সীমান্ত বন্ধ করার জন্য প্রেসিডেন্ট হোসনি মোবারককে দায়ী করেন। তিনি বলেন, এর দ্বারা হোসনি মোবারক ফিলিস্তিনি ওই ভূখণ্ডটি অবরোধ করতে ইসরায়েলকে সাহায্য করেছেন। জাওয়াহিরি বলেন, ‘গাজায় আমাদের লোকজনকে কে অবরুদ্ধ করে রেখেছে? সে কি হোসনি মোবারক নয়?’ইরাকে নিহত দুজন আল-কায়েদা নেতার প্রশংসা করে মার্চ মাসে একটি অডিও টেপ প্রচার করার পর জাওয়াহিরির কাছ থেকে পাওয়া এটাই সর্বশেষ বার্তা।ধারণা করা হয়, জাওয়াহিরি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় আত্মগোপন করে আছেন। — রয়টার্স