ওবামাকে খেলনা ড্রোন পাঠাবে ইরান!
গত বছরের শেষের দিকে ইরানের সেনাবাহিনী একটি মার্কিন ড্রোন আটক করে। এ ঘটনার কয়েক দিনের মধ্যেই প্রেসিডেন্ট বারাক ওবামা তা ফেরত চেয়ে ইরানের কাছে অনুরোধ জানান। কিন্তু এ প্রসঙ্গে তেহরানের কড়া জবাব ছিল, ‘গোপন কাজে নিয়োজিত আটক বিমান কেউ ফেরত দেয় না!’ড্রোন ফেরত পাওয়ার ব্যাপারে হতাশ ওবামার জন্য সম্প্রতি আশার বাণী শুনিয়েছে তেহরানভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এবিসি নিউজের এক খবরে জানা গেছে, আইই আর্ট গ্রুপ নামের খেলনা প্রস্তুতকারী অলাভজনক প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে ড্রোন পাঠাবে তারা। তবে আসল নয়, তা হবে খেলনা ড্রোন।আইই আর্ট গ্রুপের মুখপাত্র রেজা কিওমারসি জানিয়েছেন, ওবামার অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসে ক্ষুদ্রাকৃতির খেলনা ড্রোন পাঠাবে তাঁদের প্রতিষ্ঠান। আর এটাই ওবামার জন্য যথেষ্ট। তিনি বলেন, ‘হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামাকে উপহার হিসেবে খেলনা ড্রোন পাঠানোর পরিকল্পনা করছি আমরা।’প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওবামার জন্য উপহার হিসেবে এক স্কোয়াড্রন (১২টি) খেলনা ড্রোন পাঠানো হবে। জানা গেছে, প্রতিষ্ঠানটি এই ড্রোন পাঠানোর আগে প্রতিষ্ঠানটি ওবামার পছন্দের রং কোনটি তা জানার চেষ্টা করছে। ইরানের নাগরিকদের জন্যও সুখবর দিয়েছে প্রতিষ্ঠানটি। চাইলে তারাও চার ডলারের বিনিময়ে এই ড্রোনের রেপ্লিকা কিনতে পারবেন।