ওবামাকে নিয়ে অস্বস্তিতে দুই কন্যা!
বাবা প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। এমন বাবাকে নিয়ে গর্বিতই হওয়া উচিত যেকোনো সন্তানের। কিন্তু ওবামার দুই মেয়ে মালিয়া ও সাশার ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তারা তাদের প্রেসিডেন্ট বাবাকে নিয়ে মাঝেমধ্যে খানিকটা অস্বস্তিতে পড়ে বলে জানিয়েছেন তাদের মা ফার্স্ট লেডি মিশেল ওবামা।সিবিএসকে দেওয়া এক সাক্ষাত্কারে মিশেল বলেছেন, তাঁদের ১৩ বছর বয়সী মেয়ে মালিয়া এবং আট বছরে সাশার জীবনে অভিভাবক-শিক্ষক সম্মেলনের দিনটা সবচেয়ে খারাপ। কারণটা আর কিছুই না, ওই দিন তাদের বাবা প্রেসিডেন্ট বারাক ওবামার গাড়ির বহর তাদের অস্বস্তিতে ফেলে।মিশেল ওই সাক্ষাত্কারে বলেন, ‘তারা চায় না, আমরা তাদের বিদ্যালয়ে যাই। বিশেষত তাদের বাবা যাক, এটা তারা পছন্দ করে না। কারণ তিনি (ওবামা) আসা মানেই তাঁর সঙ্গে গাড়ির বিশাল বহর আসা।’ মিশেল জানালেন, ‘বাবা বিদ্যালয়ে যাবে শুনলে মালিয়া বলে, ‘উহ না! বাবা আসছেন? তার মানে সঙ্গে সেই গাড়ির বহর, তাই না?’মিশেল ওবামা জানিয়েছেন, মালিয়া ও সাশা হোয়াইট হাউসের মুভি থিয়েটারে যেতে পছন্দ করে না। বাইরের মুভি থিয়েটারই তাদের পছন্দ। তিনি জানালেন, ‘তারা অন্য বাচ্চাদের মতোই। আমরা একভাবে বললে তারা অন্যভাবে চলতে পছন্দ করে।’ তবে মা হিসেবে তিনি অধীর আগ্রহে সেই সময়ের অপেক্ষায় আছেন, যখন তার মেয়েরা নিজেদের পছন্দমতো ছেলেবন্ধু বেছে নেবে আর তাদের সঙ্গে ডেটিং করবে।মিশেল জানালেন, মালিয়ার নিজের ফোন আছে। এই ফোনটি দিয়ে সে তার বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করে। তবে তার যোগাযোগ করার তালিকাটি ছোট এবং সেগুলো মনিটর করা হয়।