ওবামাকে পুনর্নির্বাচিত করার আহ্বান ক্লিনটনের (ভিডিও)
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গতকাল বুধবার নর্থ ক্যারোলাইনার শারলট নগরে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় রাতে তিনি এ আহ্বান জানান। বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।সম্মেলনে বিল ক্লিনটন আনুষ্ঠানিকভাবে বারাক ওবামাকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। একই সঙ্গে ওবামাকে সফল প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে তাঁকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।মার্কিন অর্থনীতির বর্তমান দুরবস্থার জন্য রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশকে দায়ী করেন ক্লিনটন। তিনি বলেন, দেশের অর্থনীতির বর্তমান নাজুক অবস্থার জন্য ওবামাকে দোষারোপ করা যায় না। কারণ ২০০৯ সালে তিনি উত্তরাধিকার সূত্রেই এ অর্থনীতি পেয়েছেন।ক্লিনটন বলেন, শক্তিশালী প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও অধিক কর্মসংস্থান সৃষ্টির জন্য ওবামাকে অবশ্যই পুনর্নির্বাচিত করা উচিত। ভোটাররা তাঁকে পুনর্নির্বাচিত করলে তিনি মার্কিন অর্থনীতির ভিত মজবুত করবেন।এ প্রসঙ্গে ক্লিনটন নিজের দুই মেয়াদের সময়কার বাজেট উদ্বৃত্ত থাকা ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি ভোটারদের স্মরণ করিয়ে দেন। ভাষণে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিকেও আক্রমণ করেছেন ক্লিনটন। ক্ষমতায় এলে ওবামার নেওয়া জনকল্যাণকর পদক্ষেপগুলো বাতিল করার হুমকি দেওয়ায় রমনির সমালোচনা করেন তিনি। ক্লিনটনের ভাষণ শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে মঞ্চে উঠে আসেন ওবামা।