ওবামার অডিও যন্ত্রপাতি চুরি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার গিয়েছিলেন নর্থ ক্যারোলাইনায়। সেখানকার জেমসটাউনে গিলফোর্ড টেকনিক্যাল কমিউনিটি কলেজ ক্যাম্পাসে খ্রিষ্টান যুবকদের অ্যাসোসিয়েশনে ভাষণ দেন তিনি। ওই ভাষণের কাজে ব্যবহূত অডিও যন্ত্রপাতির নজরদারির দায়িত্বে ছিলেন মার্কিন সেনাবাহিনী। অনুষ্ঠান শেষে ওই অডিও যন্ত্রপাতি একটি ট্রাকে করে নিয়ে আসা হয় ভার্জিনিয়ার রিচমন্ড হোটেলে। কিন্তু হোটেলের পার্কিং থেকে দুই লাখ মার্কিন ডলার মূল্যের ওই যন্ত্রপাতিসহ ট্রাকটি চুরি হয়ে যায় বলে মার্কিন গণমাধ্যম কর্মীদের বরাত দিয়ে বিসিসি জানায়।খবরে বলা হয়েছে, ওই ট্রাকে প্রেসিডেন্টের সিল লাগানো পৌডিয়াম এবং টেলিপ্রম্পটারও ছিল। তবে ট্রাকে আর কী কী ছিল, সে বিষয়টি পেন্টাগন কর্মকর্তারা নিশ্চিত করেননি। পেন্টাগন সূত্র জানিয়েছে, ট্রাকটি চুরি হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তা উদ্ধার করা হয়েছে।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জ লিটল ট্রাক চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে আমাদের মনে হয় না স্পর্শকাতর তথ্যসংবলিত কোনো যন্ত্র ওই ট্রাকে ছিল।’