ওবামার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন ফিলিস্তিনি নেতারা
জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভে ফিলিস্তিন যে প্রচেষ্টা চালাচ্ছে, সেটিকে আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু আব্বাস সে অনুরোধ ফিরিয়ে দিয়ে বলেছেন, ফিলিস্তিন তার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আসছে ২৯ নভেম্বর সাধারণ পরিষদের সভায় এ জন্য একটি আবেদন উত্থাপন করবে।‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, বারাক ওবামা গত রোববার মাহমুদ আব্বাসকে ফোন করেছিলেন। তিনি আব্বাসকে আপাতত ক্ষান্ত দেওয়ার অনুরোধ জানান। সাধারণ পরিষদের ‘ভোটহীন সদস্য রাষ্ট্রের’ মর্যাদা পাওয়ার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশের কাছে একটি খসড়া আবেদন পাঠিয়েছে। ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাতায়েহ গতকাল সোমবার রামাল্লায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো পরিস্থিতিতেই আমরা আমাদের কার্যক্রম স্থগিত করব না।’ জাতিসংঘে কবে ওই আবেদনের চূড়ান্ত অনুলিপি জমা দেওয়া হবে, তা আজ মঙ্গলবার কায়রোতে আরব লিগের সম্মেলন শেষে ঘোষিত হওয়ার কথা রয়েছে।মোহাম্মদ শাতায়েহ বলেন, সংঘাতের সমাধান ‘দুটি পৃথক রাষ্ট্রের’ প্রতিষ্ঠার মধ্যেই নিহিত আছে। ‘আমরা মনে করি, জাতিসংঘে আমাদের প্রচেষ্টা ইসরায়েলি কর্তৃপক্ষের ওপরে এক ধরনের চাপ তৈরি করবে যাতে তারা যেকোনো গুরুতর বিষয়ে আমাদের সঙ্গে সংলাপে বসতে তৈরি থাকে।’সাধারণ পরিষদের সদস্য হিসেবে স্বীকৃতি পেতে ফিলিস্তিনিদের কমপক্ষে ১৩০টি ভোট পেতে হবে। অনেক রাষ্ট্রের কাছ থেকে ইতিমধ্যে স্বীকৃতি মিলেছে। আর মাত্র কয়েকটি রাষ্ট্রের সমর্থন পেলেই ফিলিস্তিন সাধারণ পরিষদের সমর্থন পাবে। গত বছর ফিলিস্তিনিরা জাতিসংঘের সদস্যপদ চাইলে সে প্রস্তাবে ভেটো দেওয়া হয়। কিন্তু, সাধারণ পরিষদের সদস্যপদ পেতে কোনো ভেটোর মুখোমুখি হতে হবে না তাদের।