ওবামার অন্যরকম জয়
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বারাক ওবামার পরাজয় নিশ্চিত করতে কয়েক শ কোটি ডলার ব্যয় করেছেন রিপাবলিকান দলের সমর্থক দাতারা। তাঁদের ব্যয়ের সে শ্রাদ্ধ জলে গেছে। নির্বাচনে আর্থিক শক্তির লড়াইয়েও জয় পেয়েছেন ওবামা। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ওবামাবিরোধী রিপাবলিকান সমর্থক ধনাঢ্য দাতা গোষ্ঠীটি সুপার ‘পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা ‘সুপার প্যাকস’ নামে পরিচিত। রমনির জন্য তারা সম্ভাব্য সবকিছু করেছে। রিপাবলিকান দাতারা কয়েক শ কোটি ডলার ব্যয় করেছেন ওবামাবিরোধী ডিজিটাল বিজ্ঞাপনসহ অন্যান্য প্রচারণায়। এ কারণে নির্বাচনী প্রচারণার পুরো সময়ে টিভিতে ছিল রমনির সরব উপস্থিতি। তবে এত অর্থ ব্যয় সত্ত্বেও শেষ পর্যন্ত হতাশ হয়েছে রিপাবলিকান সমর্থক ‘সুপার প্যাকস’। তাদের সব অর্থ জলে গেছে।রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটিক শিবিরের তহবিল কম ছিল। কিন্তু তার পরও নানা কারণে তারা এগিয়ে গেছে। এর মধ্যে অন্যতম লক্ষণীয় দিক ছিল, ডেমোক্র্যাটদের বিজ্ঞাপনী সমালোচনার অনেক জবাবই দিতে ব্যর্থ হয়েছে রিপাবলিকানরা। এটাকে একটা বড় হতাশার দিক বলে মনে করছেন বিশ্লেষকেরা। রয়টার্স/ইপসসের এক জরিপে দেখা গেছে, ৩ অক্টোবর দুই প্রার্থীর প্রথম বিতর্কের আগেই অনেক ভোটার তাঁদের মনস্থির করে ফেলেছেন। এতে রিপাবলিকানদের ব্যয়বহুল প্রচারণা এই ভোটারদের মন ভোলাতে পারেনি। নির্বাচনে প্রায় ৬০০ কোটি ডলার ব্যয় করেছেন রিপাবলিকান দাতারা। এই বিপুল পরিমাণ আর্থিক শক্তির বিরুদ্ধে লড়াই করে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওবামা। তাই জয় নিশ্চিত হওয়ার পরপরই তৃণমূল কর্মীদের ধন্যবাদ দিয়েছেন তিনি। ওবামা বলেছেন, ‘আজ পরিষ্কার প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে ক্ষমতাধর স্বার্থান্বেষীদের পরাজিত করতে পারে।’পরাজয় সত্ত্বেও রিপাবলিকান দাতাদের আত্মসান্ত্বনা একটাই, লড়াইটা ভালোই হয়েছে। এটাই বা কম কী!