ওবামার করা নিয়োগ অসাংবিধানিক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আপিল আদালত গতকাল শুক্রবার বলেছেন, গত বছর সিনেটকে এড়িয়ে দেশটির জাতীয় শ্রম সম্পর্ক বোর্ডে (এনএলআরবি) প্রেসিডেন্ট বারাক ওবামা তিনজন সদস্যকে নিয়োগ দিয়ে সংবিধান অমান্য করেছেন। সিনেট অধিবেশনের অনুপস্থিতিকালে প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতাবলে দেশটির কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দিয়ে থাকেন। একে রিসেস অ্যাপয়েন্টমেন্ট হিসেবে অভিহিত করা হয়। তবে, প্রেসিডেন্টের এ নিয়োগ পরে সিনেটে পাস করিয়ে নিতে হয়, অন্যথায় ওই পদগুলো আবারও শূন্য ঘোষণা করা হয়। বিশ্লেষকেরা বলছেন, আদালতের এ রায় প্রেসিডেন্টের ক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।আদালত বলছে, প্রেসিডেন্ট ২০১২ সালের জানুয়ারিতে ওইসব পদে নিয়োগ দেওয়ার সময় সিনেট অকার্যকর বা স্থগিত ছিল না। অথচ নিয়োগ করার ক্ষমতা প্রয়োগ করার জন্য সিনেটের অনুপস্থিতি অপরিহার্য ছিল।রয়টার্স জানায়, ওই সময় বিরোধী দল রিপাবলিকান পার্টির সিনেট সদস্যরা নিয়োগের তীব্র প্রতিবাদ করেছিলেন। রিপাবলিকানদের বক্তব্য, নিয়োগ করার ক্ষমতা প্রয়োগ করে ওবামা সিনেটকে খাটো করেছেন। ওই সময় অধিকাংশ সিনেটর শহরের বাইরে থাকলেও সিনেটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়নি।ওয়াশিংটনের কানেকটিকাটে অবস্থিত যুক্তরাষ্ট্রের আপিল আদালতের তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চটি আরও বলেছেন, এখন থেকে কোনো শূন্য পদে কেবল তখনই নিয়োগ দেওয়া যাবে, যখন সিনেট স্থগিত থাকবে।ওয়াশিংটনের সাবেক উপসহকারী অ্যাটর্নি জেনারেল জন এলউড বলেন, ‘এমন সিদ্ধান্ত প্রেসিডেন্টের নিয়োগ-ক্ষমতাকে তাত্পর্যপূর্ণভাবে খর্ব করবে। নির্বাহী ক্ষমতার প্রশ্নে এটি একটি বিরাট সিদ্ধান্ত। কয়েক দশকের মধ্যে এটি এ ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’বিশ্লেষকেরা বলছেন, আদালতের রায় এনএলআরবির কার্যকারিতাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকদের স্বার্থ বজায় রাখার জন্য কাজ করে থাকে এনএলআরবি। তবে এর কার্যকারিতার জন্য যদি যথেষ্ট লোকবল না থাকে, তবে তা স্থবির হয়ে পড়ে। সাধারণত স্থবিরতা কাটাতে এতে প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতাবলে নিয়োগ দিতেন। এখন থেকে তা সিনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ল।আদালতের এ নির্দেশ ভোক্তার আর্থিক নিরাপত্তা ব্যুরোর প্রধান হিসেবে রিচার্ড কোডরের নিয়োগকেও প্রশ্নবিদ্ধ করেছে। কারণ, এখানেও ওবামা নির্বাহী ক্ষমতাবলে তাঁকে নিয়োগ দিয়েছিলেন।প্রেসিডেন্টের ক্ষমতাকে এভাবে সংকীর্ণ করে দেওয়ায় সিনেটের সঙ্গে প্রশাসনের রাজনৈতিক লড়াই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এর ফলে প্রেসিডেন্টের অনেক ভালো সিদ্ধান্তকে ব্যর্থ করে দিতে পারবে সিনেট।হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, দেড় শ বছর ধরে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রশাসনগুলো যে চর্চা করে আসছে, তাকে আদালত আজ বিতর্কিত করে তুললেন।মার্কিন বিচার বিভাগ বলছে, আপিল করার সুযোগ আছে। আইনজ্ঞদের ধারণা, প্রশাসন এ সুযোগ নেবে এবং মামলা শেষাবধি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে।