ওবামার ঘুম হারাম করে দিয়েছিল তালেবান
২০০৯ সালে ক্ষমতায় আসার পর তালেবানের একটি খবর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রাতের ঘুম হারাম করে দিয়েছিল। তা হচ্ছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য—‘তালেবান জঙ্গিরা পারমাণবিক বোমা বাগিয়েছে।’ এতে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য তালেবান হামলার আশঙ্কায় তটস্থ হয়ে পড়েন ওবামা।গত মঙ্গলবার প্রকাশিত ‘নিউইয়র্ক টাইমস’-এর সাংবাদিক ডেভিড স্যাঙ্গারের লেখা ‘কনফ্রন্ট অ্যান্ড কনসিল’ শীর্ষক বইটিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। বইটিতে বলা হয়েছে, ওভাল অফিসের এক ব্রিফিংয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা প্রেসিডেন্টকে এ বিষয়ে জানান।যদিও তখন পর্যন্ত গোয়েন্দাদের হাতে যথেষ্ট প্রমাণ ছিল না, তবু ওবামা তালেবান অধ্যুষিত এলাকাগুলোতে পারমাণবিক বোমা অনুসন্ধান ও নিষ্ক্রিয় করতে একটি বিশেষ দল পাঠাতে আগ্রহী ছিলেন। পিটিআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ওবামাকে গোয়েন্দা কর্মকর্তারা জানান, তালেবান জঙ্গিরা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার থেকে বোমা চুরি করে থাকতে পারে।স্যাঙ্গার তাঁর বইয়ে লিখেছেন, ‘খবরটিকে ভিত্তিহীন ভাবার কোনো সুযোগ ছিল না ওবামার। বরং তিনি একটি বোমা অনুসন্ধান ও নিষ্ক্রিয়করণ দলকে সেখানে পাঠানোর নির্দেশ দেন।’ তিনি উল্লেখ করেন, পারমাণবিক বোমা খোঁজার যন্ত্রপাতি নিয়ে পাকিস্তানে গেলে, সেখানকার সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলতে পারে, এমন আশঙ্কায় অনুসন্ধানকারী দল পাঠানোর প্রস্তুতি বাতিল করা হয়।যুক্তরাষ্ট্রের এই আশঙ্কার মুখে অবশ্য পাকিস্তানি কর্মকর্তারা পরে মুখ খুলেছিলেন। এ ব্যাপারে স্যাঙ্গার লিখেছেন, অস্ত্রাগার খুঁজে দেখার পর তাঁরা নিশ্চিত করেছিলেন যে কোনো কিছুই চুরি হয়নি।