ওবামার জীবনের দীর্ঘতম ৪০ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার গোপন অভিযানের সময় প্রচণ্ড স্নায়ুর চাপে ভুগছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তাঁর মনে পড়ে গিয়েছিল ১৯৯৩ সালে সোমালিয়ায় মিলিশিয়াদের মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করা ও সেনাদের লাশ মোগাদিসুর রাস্তায় গাড়ির পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নেওয়ার কথা। তাঁর আরও মনে পড়ে, ইরানে ইসলামি বিপ্লবের পর ১৯৮০ সালের এপ্রিলে মার্কিন দূতাবাসে জিম্মি নাটক অবসানের ব্যর্থ প্রচেষ্টার কথাও।সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। গত রোববার সম্প্রচারিত ৬০ মিনিটের এই সাক্ষাৎকারে ওসামা হত্যা অভিযানের প্রাক্কালে তাঁর মানসিক অবস্থা বর্ণনা করে ওবামা বলেন, ‘ব্ল্যাকহক ভূপাতিত করার কথা মনে পড়ছিল। ভাবছিলাম, ইরানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে কী ঘটেছিল, সে কথাও।’ইরানের ইসলামি বিপ্লবের কর্মীদের হাতে জিম্মি মার্কিনদের উদ্ধারে গোপন সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রেসিডেন্ট জিমি কার্টার। কিন্তু তেহরানে পৌঁছার আগেই দুটি মার্কিন বিমান পরস্পরের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যাওয়ায় অভিযান বাতিল করা হয়।‘হ্যাঁ, অবশ্যই অভিযানের আগের দিন আমি ওই ঘটনাগুলো নিয়ে অনেক ভেবেছি’, বলেন ওবামা।ওই রোববার পাকিস্তানে সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে করতে গলফ খেলেন ওবামা। একসময় ঢোকেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয় সেই ৪০ মিনিটের ‘নাটক’। ওবামা তাঁর শীর্ষ সহযোগীদের নিয়ে অভিযানের সরাসরি ভিডিও দেখেন, যে ছবিটি সম্ভবত যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্টের কার্যকালে সবচেয়ে পরিচিতগুলোর একটি হয়ে থাকবে।‘এটা ছিল আমার জীবনের দীর্ঘতম ৪০ মিনিট। একটামাত্র ব্যতিক্রম হয়তো যেবার শাসার (ছোট মেয়ে) মেনিনজাইটিস হলো। ওর তখন তিন মাস। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কখন ডাক্তার এসে বলবেন, ও ঠিক আছে’, সিবিএসকে বলেন প্রেসিডেন্ট।শুধু সোমালিয়া আর ইরানের অভিজ্ঞতাই নয়, ওসামা হত্যার অভিযানে নেমে আরও অনেক বিষয়ে ভাবতে হয়েছে ওবামাকে। তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ চেষ্টার পরও ওসামা যে অ্যাবোটাবাদের ওই বাড়িতেই ছিলেন, এমন কোনো ছবি জোগাড় করতে পারেনি তারা। ওবামা বলেন, ‘তাঁর (ওসামা) সেখানে অবস্থানের ব্যাপারে কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না। শেষ পর্যন্ত এটি তখনো ৫৫-৪৫ অবস্থা। অর্থাৎ আমরা কখনোই নিশ্চিত করে বলতে পারিনি যে বিন লাদেন সেখানে ছিলেন। যদি তিনি সেখানে না থাকতেন, তবে বড় ধরনের কিছু প্রতিক্রিয়া হতে পারত।’ব্যাখ্যা করে ওবামা বলেন, একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সামরিক অভিযান চালানো ছিল ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে তিনি বলেন, ‘ঘটনা এদিক-সেদিক হলে তা হতো ভয়াবহ। কে জানে, হয়তো সেনারা নেমে দেখল, বাড়িটায় থাকেন দুবাইয়ের কোনো প্রিন্স। আর আমরা কিনা সেখানে পাঠিয়েছি বিশেষ বাহিনী! তাই ভূ-রাজনীতির বিবেচনায় সেখানে অভিযান চালানোটা ছিল ঝুঁকিপূর্ণ।’মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে মনে বলেছিলাম যে আল-কায়েদাকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে না পারলেও অন্তত যদি বড় ধরনের ক্ষতিও করা যায়, তাহলেও এর রাজনৈতিক ঝুঁকি এবং আমাদের সেনাদের প্রাণের ঝুঁকিটা গ্রহণ করা যায়।’এসব নানা ঝুঁকির কথা ভেবেই অভিযানের মাত্র তিন দিন আগে অ্যাবোটাবাদে অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওবামা। মাঝের সময়টা তিনি যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড়বিধ্বস্ত এলাকা পরিদর্শন ও অভিযানের আগের রাতে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর হোয়াইট হাউস প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজে অংশ নিয়ে স্বাভাবিকভাবেই কাটিয়ে দেন।ওবামা বলেন, এই অভিযানের গুরুত্বপূর্ণ দিকটা ছিল সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা। হোয়াইট হাউসের হাতেগোনা লোক এই অভিযানের ব্যাপারে জানতেন। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদেরও সবাই বিষয়টি জানতেন না।অভিযানের চ্যালেঞ্জ আর ঝুঁকি নিয়ে যেমন নিঃসন্দেহ ছিলেন ওবামা, তেমনি এর যৌক্তিকতা নিয়েও দ্বিধা নেই তাঁর। প্রেসিডেন্টের সোজাসাপটা ভাষ্য: যুক্তরাষ্ট্রের মাটিতে গণহত্যা চালানো ব্যক্তিটির এ শাস্তি পাওনা ছিল না বলে যাঁরা সংশয়ে ভোগেন তাঁদের উচিত, মাথার ডাক্তার দেখানো।’ পিটিআই।