ওবামার জ্বলে ওঠার সুযোগ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রথম বাগযুদ্ধে রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। একই সঙ্গে জনমত জরিপেও রমনির চেয়ে পিছিয়ে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট। আগামীকাল মঙ্গলবার দুই প্রার্থী দ্বিতীয়বারের মতো পরস্পরের মুখোমুখি হবেন। এদিন ওবামা নিজের অবস্থান পুনরুদ্ধারে আক্রমণাত্মক হবেন বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।আগামী ৬ নভেম্বর নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়ে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন ও নিজের অবস্থানকে যুক্তিযুক্তভাবে তুলে ধরার শেষ সুযোগ এই বিতর্ক। কাল নিউইয়র্কের লং আইল্যান্ডে হফস্ট্রা ইউনিভার্সিটিতে দ্বিতীয় বিতর্ক হবে। আর তৃতীয় বিতর্ক হবে আগামী সোমবার ফ্লোরিডায়।কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ৩ অক্টোবর অনুষ্ঠিত প্রথম বিতর্কে শান্ত ছিলেন ওবামা। এ বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন। আর এই শান্ত থাকার বিষয়টি তাঁর কালই হয়েছে। বিতর্কের আগ মুহূর্তেও জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী রমনির চেয়ে ৬ শতাংশ এগিয়ে ছিলেন তিনি। তবে বিতর্কের পর জনপ্রিয়তায় রমনি এখন এগিয়ে। গত রোববার প্রকাশিত রয়টার্স ও ইপসসের যৌথ জরিপের ফলাফল অনুযায়ী, রমনির সঙ্গে ওবামার দূরত্ব খুব কম। রমনির জনপ্রিয়তা এখন ৪২ দশমিক ৫ শতাংশ। ওবামার জনপ্রিয়তা ৩৯ দশমিক ২ শতাংশ।গত সপ্তাহে দুই দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্কে রিপাবলিকান প্রার্থী পল রায়ানের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ছিলেন আক্রমণাত্মক। এতে ডেমোক্র্যাট শিবির বেশ অনুপ্রাণিত। ধারণা করা হচ্ছে, রমনির সঙ্গে আগামীকালের বিতর্কে রমনিকেও এমন আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে। ডেমোক্র্যাট সমর্থকদের প্রত্যাশা, আগামীকাল বিতর্কের মঞ্চে রমনির বিরুদ্ধে জ্বলে উঠবেন ওবামা। এর মাধ্যমে তিনি নিজেকে আবার এগিয়ে নেবেন।ওবামা তাঁর বিতর্কে অর্থনৈতিক লক্ষ্যের দিকে গুরুত্ব দেবেন বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।এদিকে দুই শিবিরই আগামী দুই বিতর্ক গুরুত্বের সঙ্গে নিয়েছে। দুই প্রার্থীই বিতর্কে জিততে মহড়াও দিচ্ছেন। ওবামা বিতর্কে যোগ দেওয়ার আগে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রচারণা চালান। পাশাপাশি বিতর্কের মহড়ায়ও অংশ নেন। এই মহড়ায় তাঁর সঙ্গে ছিলেন সিনেটর জন কেরিসহ শীর্ষ কয়েকজন উপদেষ্টা। মহড়ায় রমনির ভূমিকায় ছিলেন জন কেরি।বিতর্কের মহড়ায় পিছিয়ে নেই রমনিও। গত শনিবার প্রচারণার ফাঁকে চার ঘণ্টা বিতর্কের মহড়ায় অংশ নেন তিনি। রমনির মহড়ায় সিনেটর রব পোর্টসম্যানসহ কয়েকজন উপদেষ্টা অংশ নেন। এতে ওবামার ভূমিকায় ছিলেন পোর্টসম্যান।