ওবামার দূরদর্শী পররাষ্ট্রনীতিতে মুগ্ধ মার্কিনিরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের এখনও প্রায় এক বছর বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনের জোর প্রস্তুতি। বিপুল জনপ্রিয়তা নিয়ে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও শুরুতে নানা বিতর্কের মুখে পড়েন বারাক ওবামা। তবে সাম্প্রতিক নানা জরিপে দেখা গেছে, দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে মুখ ফিরিয়ে নেওয়া মার্কিনিরাও ওবামার প্রশংসা করছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শত্রু ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তাঁর জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। দেশের সাফল্যের চেয়েও বিদেশনীতিতে ওবামার সাফল্যকে বড় করে দেখতে শুরু করেছেন মার্কিনিরা। ক্ষমতা গ্রহণের পর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে। ওই অভিযানে নিহত হন ওসামা। শুধু তা-ই নয়, এরপর মার্কিন অভিযানে নিহত হন আল-কায়েদার আরও কয়েকজন নেতা। এ জন্য কিন্তু ওবামাকে সেখানে লাখ লাখ সেনা পাঠাতে হয়নি। সঠিক কর্মকৌশল নির্ধারণের কারণেই তিনি পেয়েছেন আশাতীত সাফল্য।নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছেন ওবামা। তিনি চেষ্টা করেছেন, এ দুই যুদ্ধের বিপুল ব্যয়ের কারণে মার্কিন জনগণ যাতে নতুন করে অর্থনৈতিকভাবে চাপে না পড়ে। এ ছাড়া লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে হটাতেও তাঁর কৌশল দেশে প্রশংসিত হয়েছে। ওবামার এসব বৈদেশিক নীতির সাফল্যকে সমর্থন জানিয়েছেন মার্কিনিরা। জনমত জরিপে দেখা গেছে, বৈদেশিক নীতির ক্ষেত্রে ওবামার বাস্তবমুখী পদক্ষেপের কারণে জনগণ এখন তাঁকেই বেশি সমর্থন করছে। প্রতিশ্রুতি অনুযায়ী ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তই ছিল ওবামার সবচেয়ে জনপ্রিয় পদক্ষেপগুলোর একটি। ওবামার ওই সিদ্ধান্তকে চারজন মার্কিনির মধ্যে তিনজনই সমর্থন করছেন। এ ছাড়া প্রেসিডেন্টের সন্ত্রাসবিরোধী নীতিকে সমর্থন জানিয়েছে প্রায় ৬৬ শতাংশ মানুষ।অন্যদিকে, ফিলিস্তিন সংকট নিয়ে রিপাবলিকানরা ওবামার নেতৃত্বকে নিয়মিতভাবে দোষারোপ করলেও তাঁর কূটনীতিই কিন্তু ইসরায়েলকে নিরাপদ রাষ্ট্র করে তুলেছে। গত সেপ্টেম্বরে কায়রো থেকে ইসরায়েলের কূটনীতিকদের সফলভাবে উদ্ধার করার জন্য ওবামার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএন।