আর মাত্র তিন দিন পরই পূর্ণ হবে মার্কিন বিশেষ বাহিনীর হামলায় ওসামা বিন লাদেন নিহত হওয়ার এক বছর। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকার শীর্ষে থাকা এই ব্যক্তির মৃত্যুবার্ষিকী সম্পর্কে কথা বলতে গিয়ে গতকাল শনিবার অভূতপূর্ব এক কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই প্রথমবারের মতো তিনি কোনো টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়েছেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। এক বছর আগে হোয়াইট হাউসের সবচেয়ে নিরাপদ ও গোপনীয় এই কক্ষে বসেই লাদেন হত্যার ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করেছিলেন বারাক ওবামা। আগামী ২ মে লাদেন হত্যার বর্ষপূর্তিতে রক সেন্টারে দেখানো হবে মার্কিন প্রেসিডেন্টের এই সাক্ষাৎকার।হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎকার গ্রহণের বিরল সুযোগটি পেয়েছেন এনবিসি টেলিভিশনের রিপোর্টার ব্রায়ান উইলিয়ামস। এ সময় মার্কিন সরকারের বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যক্তিরও সাক্ষাৎকার গ্রহণ করেন ব্রায়ান। তাঁদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও ছিলেন। ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানের নামই দেওয়া হয়েছে, ‘ইনসাইড দ্য সিচুয়েশন রুম’।১৯৬১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির তত্ত্বাবধানে নির্মিত হয় এই সিচুয়েশন রুম। হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে প্রায় পাঁচ হাজার ফুট বিস্তৃত এই কক্ষটির নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা পাহারায় থাকেন সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা, লাদেন হত্যার বিষয়টিকে বেশ বড় ইস্যু বানাতে যাচ্ছে বলে অনুমান করছেন অনেকে। আর এই বিষয়টি নিয়ে এভাবে সিচুয়েশন রুমে সাক্ষাৎকার দেওয়ারও সমালোচনা করেছেন অনেকে। তবে আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী বিন লাদেন হত্যাকে একটা বড় সফলতা হিসেবেই গণ্য করছে ওবামা প্রশাসন। আর এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ করার মধ্যেও দোষের কিছু দেখছেন না তাঁরা। ওবামার ডেপুটি প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট ওবামার এই নজিরবিহীন পদক্ষেপের সমর্থনে বলেছেন, ‘প্রেসিডেন্ট গতকাল যা করেছেন, সেটা তিনি গত এক বছর ধরেই করছেন। তিনি ওই মিশনটি এবং সেটার সফলতা নিয়েই কথা বলেছেন।’২০১১ সালের ২ মে মার্কিন কমান্ডো বাহিনীর বিশেষ অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে হত্যা করা হয় ওসামা বিন লাদেনকে। তারপর তালেবানের শীর্ষ এই নেতার লাশ সমুদ্রে ফেলে দেয় মার্কিন বাহিনী। ডেইলি মেইল।