ওবামার নির্বাচনী দপ্তরে গুলি
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী সদর দপ্তরে গতকাল শুক্রবার গুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রচারকর্মীরা দপ্তরের ভেতরে ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে ঘটনাটি জানানো হয়।ডেনভার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা র্যাকুয়েল লোপেজ বলেছেন, দপ্তরের ভেতরে থাকা এক কর্মী গতকাল মধ্য বিকেলে ফোন করে পুলিশকে গুলির ঘটনা জানান। ওই ডেমোক্র্যাট কর্মী জানান, একটি গুলিতে দপ্তরের জানালার কাচ ভেঙেছে। লোপেজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কর্মকর্তারা ভিডিওচিত্র পর্যবেক্ষণ করছেন। পুলিশের ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, একটি মাত্র গুলি হয়েছে। এতে ওবামার প্রধান নির্বাচনী দপ্তরের ভেতরে থাকা কেউ আহত হননি। নির্বাচনী প্রচারে এ ধরনের হুমকির বিষয়ে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা সতর্ক ছিলেন। এখন এ ধরনের সব সম্ভাব্য হুমকির বিষয় খতিয়ে দেখা হচ্ছে।