ওবামার পছন্দের রঙের ড্রোন পাঠাবে ইরান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে যুক্তরাষ্ট্রে চালকবিহীন বিমান (ড্রোন) পাঠাবে ইরানের একটি কোম্পানি। তবে আসল নয়, এটা হবে খেলনা ড্রোন। মার্কিন প্রেসিডেন্ট বারেক ওবামার প্রিয় রং গোলাপি (পিংক ) রঙের এই খেলনা ড্রোন তৈরির কাজ শেষ। এখন শুধু ওবামার কাছে পাঠানোর অপেক্ষা।আইই আর্ট গ্রুপ নামের খেলনা প্রস্তুতকারী অলাভজনক প্রতিষ্ঠানটির সংস্কৃতি বিভাগের প্রধান সাইয়েদ সায়েদ হাসান এর বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরান কখনোই মানুষের অনুরোধকে অবজ্ঞা করে না। ওবামার অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসে ক্ষুদ্রাকৃতির খেলনা ড্রোন পাঠাবে তাঁদের প্রতিষ্ঠান। আর ড্রোনটি প্রস্তুত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রিয় গোলাপি রঙে। এটি সুইজারল্যান্ডের দূতাবাসের সহায়তায় আগামী ১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

ইরানের নাগরিকদের জন্যও সুখবর দিয়েছে প্রতিষ্ঠানটি। চাইলে তারাও চার ডলারের (৭০ হাজার রিয়াল) বিনিময়ে এই ড্রোনের রেপ্লিকা কিনতে পারবেন।গত বছরের শেষের দিকে ইরানের সেনাবাহিনী একটি মার্কিন ড্রোন আটক করে। এ ঘটনার কয়েক দিনের মধ্যেই প্রেসিডেন্ট বারাক ওবামা তা ফেরত চেয়ে ইরানের কাছে অনুরোধ জানান। কিন্তু এ প্রসঙ্গে তেহরানের কড়া জবাব ছিল, ‘গোপন কাজে নিয়োজিত আটক বিমান কেউ ফেরত দেয় না!’