ওবামার বিজয়, ওবামার চ্যালেঞ্জ
ধারণা করা হয়েছিল, বেকারত্বের হার ৮ শতাংশের কাছাকাছি থাকলে বারাক ওবামার পুনর্নির্বাচনের সম্ভাবনা খুব কম। অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হলেও অধিকাংশ মানুষ দৈনন্দিন জীবনে তার প্রভাব বুঝতে না পারায় শঙ্কা জেগেছিল, সাধারণ ভোটাররা হয়তো ওবামার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। এসবের সঙ্গে যুক্ত হয়েছিল লিবারেল বা উদারনৈতিক জনগোষ্ঠীর প্রচণ্ড হতাশা। ২০০৮ সালে যে জনগোষ্ঠী বড় ধরনের পরিবর্তনের আশা নিয়ে ওবামার সমর্থনে এগিয়ে এসেছিলেন, তাঁরা এতটাই হতাশ হয়ে পড়েন যে এবার তাঁদের ভোটকেন্দ্রে হাজির করানো নিয়েই জেগেছিল সংশয়। কিন্তু এসব বিরূপ পরিস্থিতি সত্ত্বেও ওবামার বিজয় সম্ভব হয়েছে কেবল তাঁর প্রশাসনের গত চার বছরের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আর তাঁর রাজনৈতিক ও নির্বাচনী কৌশলের কারণে।নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, প্রেসিডেন্ট ওবামা ২০০৮ সালের মতোই তাঁর সমর্থনে একটি বহুমাত্রিক কোয়ালিশন গড়ে তুলতে এবং তা ধরে রাখতে সক্ষম হন। দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, কর্মজীবী, শ্বেতাঙ্গ, সংখ্যালঘু, সমকামী নারী ও পুরুষ, তরুণ এবং মাঝবয়সী ব্যক্তিরা তাঁকে ঘিরে ডেমোক্রেটিক পার্টির পাশে এসে দাঁড়ান। এই সমর্থকগোষ্ঠীর বিশ্বাস, প্রতিশ্রুত পরিবর্তনের সবটা ওবামা চার বছরে বাস্তবায়ন করতে না পারলেও রিপাবলিকান পার্টি, বিশেষ করে মিট রমনি সেই ধারায় চিন্তা করতে পর্যন্ত রাজি নন। নির্বাচনী প্রচারের সময় ওবামা বারবার যে কথাগুলো বলেছেন, তা থেকে তাঁর সমর্থকেরা আশ্বস্ত হয়েছেন যে প্রেসিডেন্ট তাঁর অবস্থান থেকে সরে যাননি; আগামী দিনে তা অর্জিত হোক বা না হোক, এখন এখান থেকে সরে দাঁড়ালে যে সামান্য অর্জন হয়েছে, তা-ও ধরে রাখা যাবে না।রমনি প্রার্থী হওয়ার আগে থেকেই ওবামা-শিবির তাঁকে ‘একজন ধনী ব্যবসায়ী, যিনি মধ্যবিত্তের আশা-আকাঙ্ক্ষা বুঝতে পারেন না’—এমন একজন মানুষ হিসেবে দেখাতে পেরেছে। তাই তিনি যতই ব্যবসায়িক সাফল্যকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখাতে চেষ্টা করেছেন, ততই নিম্নমধ্যবিত্ত মানুষের কাছে রমনি সম্পর্কে ওবামা-শিবিরের দেওয়া ধারণা গ্রহণযোগ্য হয়েছে।প্রথম বিতর্কের পর অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে ওঠা রমনি-শিবির তাঁর জন্য কোনো সুফল বয়ে আনেনি। সে ক্ষেত্রে তাদের উদ্দেশ্য ছিল রমনিকে এক আত্মবিশ্বাসী নেতা হিসেবে উপস্থাপন করা। কিন্তু দুর্ভাগ্যবশত ঘূর্ণিঝড় স্যান্ডির পর ওবামার ভূমিকা সেই সম্ভাবনাকেও তিরোহিত করে। দেশের সংকটে সবাইকে এক করতে পারায় আদর্শিক বিভাজন যে তাঁর নেতৃত্বের অভাবে নয়, সেটাও প্রমাণ করতে পেরেছেন ওবামা।ওবামার সাফল্যের আরেক বড় কৌশলগত দিক হলো, তাঁর ঘাঁটিগুলো আগলে রাখা। নির্বাচনী প্রচারের শুরু থেকে অত্যন্ত পরিকল্পিতভাবেই ওবামা-শিবির আগলে রাখে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্য—মিনেসোটা, উইসকনসিন, মিশিগান ও আইওয়া। আর ওহাইও থেকে এক মুহূর্তের জন্য চোখ সরায়নি ওবামা-শিবির।আগামী ২১ জানুয়ারি নতুন করে দায়িত্ব নিচ্ছেন ওবামা। তবে এর আগেই ওবামার দিকে ধেয়ে আসছে একটার পর একটা কঠিন চ্যালেঞ্জ, যার সব কটিই অর্থবিষয়ক। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সমস্যাগুলোর সুরাহা করতে না পারলে ভয়াবহ সংকট সৃষ্টি হবে মার্কিন অর্থনীতিতে। জর্জ ডব্লিউ বুশের আমলে ২০০১ সালে বিশেষ ব্যবস্থায় কর কমানো হয়েছিল বড় আকারে। সেই বিশেষ ব্যবস্থার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। ফলে এ বিষয়ে কোনো একটা সুরাহা না করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে বুশের পূর্বসূরি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলের উচ্চ করহার। এ ছাড়া ১ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার কাটছাঁটের মুখে পড়বে মার্কিন বাজেট, যদি না বিকল্প উৎস থেকে সমপরিমাণ অর্থের ব্যবস্থা কংগ্রেস করতে পারে। এ ক্ষেত্রেও কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে একটা পথ ওবামাকে বের করতে হবে। মনিরুল ইসলাম