ওবামার বিরুদ্ধে এসএমএসে অপপ্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী প্রচারণা এখন তুঙ্গে। এই প্রচারণার অংশ হিসেবেই প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে পাঠানো হচ্ছে বিভিন্ন ধরনের খুদেবার্তা (এসএমএস)। ভোটারদের কাছে পাঠানো এসব এসএমএসে ওবামাকে আবার নির্বাচন করলে মার্কিনরা কী ধরনের সমস্যার মুখে পড়বে, সে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে।ভার্জিনিয়ার এক ভোটারের মুঠোফোনে পাঠানো এসএমএসে বারাক ওবামাকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ওবামা সমকামিতাকে সমর্থন করেন। [email protected] ঠিকানা থেকে এই এসএমএস পাঠানো হয়। আরেকটি এসএমএসে বলা হয়, বারাক ওবামাকে আরও একবার নির্বাচন করলে যুক্তরাষ্ট্রের চিকিত্সাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। ‘নিউইয়র্ক টাইমস’-এর প্রতিবেদক জোনাথন ওয়াইসম্যান এক টুইটার বার্তায় বলেছেন, তাঁর ১৩ বছর বয়সী মেয়ের মুঠোফোনেও বারাক ওবামাবিরোধী একটি এসএমএস এসেছে। এই এসএমএসে বলা হয়, বারাক ওবামা আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে গর্ভপাতকে বৈধতা দেবেন। আরেকটি এসএমএসে দাবি করা হয়, ওবামা আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন জনগণের করের টাকা গর্ভপাতের পেছনে ব্যয় হবে।ওবামার বিরুদ্ধে এই প্রচারণা যে একটি সংঘবদ্ধ কার্যক্রম, এটি মোটামুটি নিশ্চিত হয়েই স্কট গুডস্টেইন নামের একজন অনলাইন নিরাপত্তা কৌশলবিদ বলেন, ‘কারা প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে প্রচারণার নামে ঘৃণা ছড়াচ্ছে, সেটি বের করা খুব কঠিন কিছু নয়। কিন্তু এটি বের করতে গেলে আদালতের নির্দেশ লাগবে। ইউআরএল ঠিকানা খুলে খুলে এই এসএমএসগুলো পাঠানো হচ্ছে ই-মেইলের মাধ্যমে। দৈবচয়ন ভিত্তিতে মুঠোফোনের নম্বর সংগ্রহ করে এই এসএমএস পাঠানো হচ্ছে না।’ তিনি একে মানুষের অর্থ খরচ করে একরকম বাজে প্রচারণা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আইনের ফাঁকফোকর বের করেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারকারীদের আপাতত ধরার কোনো রাস্তা নেই।’ হাফিংটন পোস্ট।