ওবামার বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা করেছে চীনের একটি বায়ুবিদ্যুত্ কোম্পানি। মামলায় অভিযোগ করা হয়েছে, জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওই কোম্পানির একটি প্রকল্প ওবামা ‘বেআইনিভাবে’ বাতিল করেছেন। গত সোমবার মামলাটি দায়ের করা হলেও পরদিন মঙ্গলবার খবরটি প্রকাশ পায়।র্যালস করপোরেশন নামের ব্যক্তিমালিকানাধীন ওই কোম্পানি চলতি বছরের শুরুর দিকে অরেগন অঙ্গরাজ্যে নৌবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রের কাছে সংরক্ষিত এলাকায় চারটি বায়ুকল বসানোর অনুমতি পায় এবং এ-সংক্রান্ত চুক্তিও হয়। কিন্তু গত সপ্তাহে ওবামা ওই চুক্তিটি বাতিলের পক্ষে সই করেন। এর ফলে প্রকল্পটি থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে বাধ্য হয় চীনের দুই নাগরিকের মালিকানাধীন ওই কোম্পানি। ২২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো বিদেশি বিনিয়োগ বাতিল করে দেওয়া হলো। মামলার এজাহারে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বেআইনি। ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি। ওবামার সই করা নির্দেশের বরাত দিয়ে হোয়াইট হাউস সূত্র জানায়, ‘ওই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এ বিষয়ে আমার কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।’ওবামার এই অভিযোগ অস্বীকার করে র্যালসের পক্ষ থেকে বলা হয়, তাঁর দাবির পক্ষে তথ্য-প্রমাণ দেখাননি ওবামা। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষার কাজে অরেগনের ওই কেন্দ্রটি ব্যবহার করা হয়। চালকবিহীন বিমানগুলো সাধারণত মাটি থেকে প্রায় ২০০ ফুট ওপর দিয়ে ঘণ্টায় ৩০০ মাইল বেগে ওড়ে। র্যালসের আইনবিষয়ক কর্মকর্তা ঝোউ কিং চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, ওই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মোটেও হুমকি ছিল না। আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ওবামা জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঝোউ বলেন, হতে পারে, প্রকল্পটি বাতিলের ব্যাপারে ওবামার এই সিদ্ধান্ত তাঁর নির্বাচনী প্রচারণার একটি কৌশল। বিবিসি।