ওবামার ভাই বস্তিতে থাকেন!
বারাক ওবামা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কিন্তু তাঁর সত্ভাই বাস করেন তৃতীয় বিশ্বের রাষ্ট্র কেনিয়ায়, থাকেন একটি জীর্ণ বস্তিতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বারাক ওবামার কড়া সমালোচনা করে নির্মিত এক তথ্যচিত্রে উপস্থাপন করা হয়েছে কেনিয়াবাসী জর্জ ওবামাকে। এএফপির এক প্রতিবেদনে আজ বুধবার এ কথা বলা হয়।হলিউড রিপোর্টার নামের একটি ওয়েবসাইটে প্রচারিত চার মিনিটের তথ্যচিত্রটিতে দেখা যায় জর্জ ওবামা পার্কের একটি বেঞ্চে বসে লেখক দিনেশ ডি’সুজাকে সাক্ষাত্কার দিচ্ছেন। দিনেশ সদ্য প্রকাশিত ‘২০১৬: ওবামার আমেরিকা’ শীর্ষক বইটির লেখক। সাক্ষাত্কারে জর্জ বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার নিজের একটি পরিবার আছে। বিশ্বের অনেক কাজে তাঁকে ব্যস্ত থাকতে হয়। তাই তাঁর কাছে চাওয়ার মতো কিছু নেই।’ তিনি মনে করেন, বারাক যেহেতু বিশ্বের জন্য ভালো কিছু করছেন, তাই সেসবের সুফল তিনিও পাচ্ছেন। ‘ওবামার রাগের কারণ’ শীর্ষক বইটির লেখক ডি’সুজা জানান, তিনি এক সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানতে পারেন প্রেসিডেন্ট ওবামার ভাই নাইরোবিতে একটি নোংরা বস্তিতে বাস করে। এরপর তিনি জর্জকে খুঁজে বের করেন।জর্জ ওবামা যে নাইরোবির সবচেয়ে ভালো এলাকাতে বেড়ে উঠেছেন এবং একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য কাজ করতে বর্তমানে ওই বস্তিতে বাস করছেন, এ কথা ওই তথ্যচিত্রে একেবারে চেপে যাওয়া হয়েছে। জর্জ এখন দরিদ্র যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির একটি কাজে ব্যস্ত আছেন।‘বারাক বড় ভাই হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন’, ডি’সুজার এমন এক মন্তব্যের বিরোধিতা করেন জর্জ। তিনি বলেন, ‘বারাক বিশ্বের দায়িত্ব নিয়েছেন, তাই সে আমারও দায়িত্ব নিয়েছে।’ জর্জ বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষে এখন কেনিয়া সত্যিকার উন্নয়নের পথে চলছে। তিনি বলেন, ‘এটা সত্যি, ওরা (ব্রিটিশরা) আমাদের উন্নতির জন্য কিছু করেনি। দুই পক্ষই বছরের পর বছর ধরে যুদ্ধ করেছে। অথচ প্রাপ্তি শূন্য। এখন আমরা তৃতীয় বা দ্বিতীয় বিশ্বের মানুষ।’বারাক ওবামার অর্থনীতিবিদ বাবা বিয়ে করেছিলেন চারজনকে। এঁদের অন্যতম হলেন বারাক ওবামার মা নৃবিজ্ঞানী অ্যান ডানহাম এবং জর্জ ওবামার মা জিল ওটিয়েনো। জর্জ বলেন, যখন তাঁদের বাবা মারা যান, তখন তাঁর বয়স ছিল মাত্র ছয়। সে সময়ই অ্যান ও জিল আলাদা হয়ে যান। তবে জর্জ বলেন, তাঁর মা তাঁকে বারাক সম্পর্কে বলেছিলেন, ‘ও’ সত্যিই অনেক লেখাপড়া জানে।ডি’সুজা প্রেসিডেন্ট রিগানের আমলে সরকারি নীতিনির্ধারক হিসেবে কাজ করেছেন। এখন তিনি নিউইয়র্ক শহরে একটি খ্রিষ্টান কলেজ চালান। খুব কট্টরপন্থী রিপাবলিকান হিসেবে তাঁর বেশ খ্যাতি আছে। তিনি তাঁর বইয়ে দাবি করেছেন, বাবার উপনিবেশবাদের প্রতি ঘৃণাকে বাস্তব রূপ দিতে উঠে পড়ে লেগেছেন বারাক ওবামা।