ওবামার ভারত সফর সুখকর হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আর বেশি দিন বাকি নেই। আগামী ৬ থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিনি ভারত সফর করবেন। এদিকে তাঁর এই সফর নিয়ে ভারতে জল্পনা-কল্পনারও শেষ নেই। এই জল্পনা-কল্পনা স্পষ্টত দুই ধারায় বিভক্ত । কেউ ভাবছেন, ওবামার এই সফরে ভারতের অনেক চাওয়া-পাওয়াই পূর্ণ হবে। আবার কারও কারও মতে, যতই ডামাডোল পেটানো হোক না কেন, ওবামার এই সফর নামেই ঐতিহাসিক হয়ে থাকবে, ভারতের প্রত্যাশা পূরণের দিক দিয়ে নয়। যাঁরা ওবামার সফর নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না তাঁদের মতে, এ সফর এক ধরনের সংরক্ষণবাদের ছায়ায় অনুষ্ঠিত হবে। কিন্তু ভারত হয়তো এই সংরক্ষণবাদকে আলোচনার টেবিলে ঠাঁই দেবে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দিনদিন বিচ্ছিন্ন এবং রক্ষণশীল হয়ে উঠছে। এই বিষয়টি অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তবে যুক্তরাষ্ট্র এখনো এমন অবস্থানে পৌঁছেনি যে তারা অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করে চলতে পারে। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন, ওবামার এই সফরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাজীবীদের ভিসার ফি বাড়ানোসংক্রান্ত বিষয়টি যদি আলোচিত না হয়, তবে সবকিছুই হবে অর্থহীন। যাঁরা ওবামার এই সফর নিয়ে বেশ আশাবাদী, তাঁদের সতর্ক করে দিয়ে অনেক বিশ্লেষক বলেছেন, ‘এটা কোনো স্মরণীয় সফর হবে না। ওবামার এই সফরে দেশ দুটির মধ্যকার সম্পর্কে বড় কোনো পরিবর্তন আসবে না। ঠিক যেমনটি হয়েছে অতীতে।’ তবে এই ঘরানার বিশ্লেষকেরা এটাও বলছেন, ‘এর অর্থ এই নয় যে ওবামার ভারত সফর মোটেও গুরুত্বপূর্ণ নয়। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিমধ্যে বেশ পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তে ওবামার ভারত সফর কয়েকটি কারণে বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে ভারতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, শিক্ষা ও জ্বালানি সহায়তা এবং দেশ দুটির মধ্যকার কৌশলগত সম্পর্ক।’ ভারত ওবামার এই সফর সফল করতে পারে, যদি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এশিয়ায় ক্ষমতার ভারসাম্য নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনা করতে সক্ষম হয়। এ ছাড়াও যেসব বিষয় ভারতের প্রবৃদ্ধিকে প্রভাবিত করে, তা নিয়েও কার্যকর আলোচনা করা যেতে পারে। এশিয়ায় ক্ষমতার ভারসাম্যসংক্রান্ত আলোচনায় অবশ্যই এ অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টি আলোচিত হতে হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন। এমনকি ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অথবা পৃথকভাবে চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে কীভাবে সমস্যার সমাধান করা যেতে পারে। শুধু তাই নয়, চীনকে দায়িত্বশীল আচরণ করতে উদ্বুদ্ধ করার কাজও দেশ দুটি একসঙ্গে করতে পারে। তবে দুঃখজনক হলেও সত্য, এ পর্যন্ত চীনের ব্যাপারে ভারত কিংবা যুক্তরাষ্ট্র কারোই কোনো অর্জন নেই।ওবামার সফরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকারের দিকটি প্রাধান্য পেতে পারে। ভারত তাদের বৈশ্বিক ও আঞ্চলিক স্বার্থগুলো নিয়ে আলোচনা করতে পারে। এর মধ্যে বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠনের বিষয়টিও স্থান পেতে পারে। ভারত চায় যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্যের প্রবেশাধিকারের ক্ষেত্রে বর্তমানে যেসব সমস্যা আছে, তা দূর হোক। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত ভারতের অবস্থানটাও বিবেচেনা করা। পাকিস্তানকে তাদের এমন কোনো অস্ত্র দেওয়া উচিত হবে না, যা ভারতের বিরুদ্ধে ব্যবহূত হতে পারে। যুক্তরাষ্ট্রের এমন কোনো কাজ করা উচিত না, যা ক্ষমতার ভারসাম্যে গুণগত পরিবর্তন আনে। —ইন্ডিয়া টুডে অবলম্বনে।