ওবামার মন্তব্যে ক্ষুব্ধ ভেনেজুয়েলা
অস্ত্রোপচারের পর কিউবার রাজধানী হাভানায় চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ‘সন্তোষজনকভাবে’ সেরে উঠছেন। অসুস্থ চাভেজের সরকারকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘কর্তৃত্বপরায়ণ’ বলে সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেছে ভেনেজুয়েলা। গতকাল শুক্রবার ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাসের বরাত দিয়ে রয়টার্সের খবরে এসব কথা জানানো হয়।তিন দিন আগে অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত তথ্য দিয়ে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে গতকাল তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস বলেন, ‘ধীরগতিতে হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’ তিনি জানান, চাভেজ তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভেনেজুয়েলার জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন।ইউনিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে কিউবায় চিকিৎসাধীন ওবামার স্বাস্থ্য নিয়ে মন্তব্য করেন ওবামা। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে ভেনেজুয়েলায় স্বাধীনতা নিশ্চিত করা। সেখানে চাভেজের সরকার কর্তৃত্বপরায়ণ শাসক হিসেবে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, ভিন্নমতাবলম্বীদের ওপর সে দেশে নিপীড়ন চালানো হচ্ছে।ওবামা বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয় হলো, ভেনেজুয়েলার ভবিষ্যত্ কী হবে তা সে দেশের জনগণের সিদ্ধান্তের হাতে ন্যস্ত করা উচিত।’ওবামার এ মন্তব্যের পর ভেনেজুয়েলার সরকারের পক্ষ দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এ রকম নাজুক মুহূর্তে এ ধরনের ঘৃণ্য মন্তব্য করার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছেন। তিনি প্রমাণ করেছেন তাঁর নীতি আক্রমণাত্মক ও আমাদের দেশের প্রতি অসম্মানজনক।’