ওবামার সঙ্গে বৈঠকে আজ ভাগ্য নির্ধারিত হবে জে. স্টেনলির
প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে তলব করেছেন আফগানিস্তানে নিযুক্ত শীর্ষস্থানীয় মার্কিন জেনারেল স্টেনলি ম্যাকক্রিস্টালকে। আজ বুধবার সকালে হোয়াইট হাউসে অনুষ্ঠেয় বৈঠকেই ভাগ্য নির্ধারিত হবে জেনারেল স্টেনলির। প্রেসিডেন্ট ওবামা তাঁকে বরখাস্ত করতে পারেন। অবশ্য চূড়ান্ত বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য জেনারেল স্টেনলি ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।শেষ পর্যন্ত যা-ই ঘটুক, জেনারেল স্টেনলির ভাগ্য বিপর্যয় যে অবশ্যম্ভাবী হয়ে উঠেছে তা সুস্পষ্ট। সংবাদমাধ্যমে আফগান যুদ্ধ নিয়ে খোলামেলা কথা বলেছেন জেনারেল স্টেনলি। রোলিং স্টোন নামের একটি সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর প্রশাসন নিয়ে অসংলগ্ন কথা বলেছেন তিনি। বেসামরিক প্রশাসনের বিরুদ্ধে সেনা কর্মকর্তার প্রকাশিত এ ধরনের বক্তব্যে এখন উত্তপ্ত ওয়াশিংটন।যুক্তরাষ্ট্রের ইতিহাসে রণাঙ্গনের সেনা অধিনায়ককে বরখাস্ত করার ঘটনা খুবই বিরল। ১৯৫১ সালে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট হেরি ট্রুম্যান বরখাস্ত করেছিলেন দূরপ্রাচ্যে নিয়োজিত সেনাধিনায়ক ম্যাকার্থারকে। কোরিয়া যুদ্ধ নিয়ে সেনা অধিনায়কের সঙ্গে তৎকালীন প্রেসিডেন্টের মতপার্থক্যকে কেন্দ্র করে এ বরখাস্তের ঘটনাটি ঘটেছিল।প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর জেনারেল স্টেনলি ম্যাকক্রিস্টালকে আফগান রণাঙ্গনে অধিনায়ক নিযুক্ত করেন। দ্রুত তালেবান দমন করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ওবামা। আক্রমণাত্মক যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ৩০ হাজার অতিরিক্ত মার্কিন সেনা আফগানিস্তানে প্রেরণ করা হয়। আক্রমণাত্মক এ যুদ্ধ কৌশলের প্রণেতা হিসেবে জেনারেল স্টেনলি ম্যাকক্রিস্টালের নাম উচ্চারিত হয়ে থাকে।আফগানিস্তানে যুদ্ধ কৌশল এবং ওয়াশিংটনের বেসামরিক প্রশাসন নিয়ে রোলিং স্টোন সাময়িকীকে এক দীর্ঘ সাক্ষাত্কার দেন জেনারেল স্টেনলি। রোলিং স্টোনের ওই সংখ্যাটি বাজারে আসার আগেই ওয়াশিংটন উত্তপ্ত হয়ে ওঠে।রোলিং স্টোনের কাছে জেনারেল স্টেনলি প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করেননি। যদিও তিনি বলেছেন, আফগান রণাঙ্গনের জন্য অতিরিক্ত সেনা মোতায়েনের অনুমোদন প্রাপ্তির সময়টি ছিল বেদনাদায়ক। জেনারেল স্টেনলি তাঁর সাক্ষাৎকারে আরও বলেছেন, প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানের মতো একটি অবিক্রয়যোগ্য বিষয় তাঁর হাতে হস্তান্তর করেছেন। রোলিং স্টোনের সঙ্গে কথা বলার সময় জেনারেল স্টেনলি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নাম শুনেও তাঁকে শনাক্ত করতে পারেননি এবং এ নিয়ে মৃদু কৌতুকও করেন। হোয়াইট হাউসের আফগানিস্তান-বিষয়ক গুরুত্বপূর্ণ কূটনীতিবিদ কার্ল আইকেনব্যারি সম্পর্কেও অসংলগ্ন কথা বলেছেন জেনারেল স্টেনলি। রণাঙ্গনে কর্মরত সেনা অধিনায়কের এমন খোলামেলা বক্তব্যে ওয়াশিংটনে বিতর্কের ঝড় উঠেছে। বিষয়টিকে বেসামরিক সরকারের সঙ্গে সেনা অধিনায়কের দ্বন্দ্ব হিসেবে দেখা হচ্ছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান আইনপ্রণেতারা জেনারেল স্টেনলির পদত্যাগ দাবি করছেন। কংগ্রেসে হাউস এপ্রোপ্রিয়েট কমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ডেভিড ওবে বলেছেন, জেনারেল স্টেনলিকে তাঁর পদ থেকে সরে যেতে হবে। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন জেনারেল স্টেনলির সমালোচনা করেছেন। তিনি বলেন, জেনারেল স্টেনলির ভাগ্য এখন প্রেসিডেন্ট ওবামা হাতে।প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর গুরুত্বপূর্ণ পারিষদদের সঙ্গে গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আলোচনা সভা শেষে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ওবামা বলেন, পত্রিকায় প্রচারিত বক্তব্যে পরিষ্কার, জেনারেল স্টেনলি ম্যাকক্রিস্টাল দুর্বল বিবেচনাপ্রসূত কাজ করেছেন। প্রেসিডেন্ট ওবামা সংবাদমাধ্যমকে বলেছেন,‘যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জেনারেল স্টেনলির সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই।’এদিকে হোয়াইট হাউসের প্রেসরুম থেকে বলা হয়েছে, জেনারেল স্টেনলিকে বরখাস্ত করাসহ সব বিকল্পই প্রেসিডেন্টের টেবিলে।