ওবামার সফরে রোহিঙ্গা ইস্যুতে সমাধান আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর প্রধান মারিয়া ওটেরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মিয়ানমার সফর খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সফরে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে টেকসই সমাধান বেরিয়ে আসতে পারে। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মারিয়া ওটেরো। আজ সকালে মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা থেকে বিমানে কক্সবাজার যায়। পরে সড়কপথে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যায় দলটি। বেলা দুইটার দিকে সেখান থেকে আবার কক্সবাজার শহরে ফিরে যায়। বিকেল পৌনে চারটায় ঢাকার পথে রওনা হওয়ার আগে কক্সবাজার বিমানবন্দরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সফরের অভিজ্ঞতা তুলে ধরেন মারিয়া ওটেরো। ভারত সফররত মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ‘বাংলাদেশ থেকে মিয়ানমারে লোকজনের অনুপ্রবেশ ঘটছে এবং সহিংসতা বন্ধে এই অনুপ্রবেশ ঠেকাতে হবে’ মর্মে বক্তব্য দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে ওটেরো বলেন, ‘মিয়ানমারের পরিবর্তনের বিশাল অংশ হচ্ছে অং সান সু চি। সেখানে সু চি গুরুত্বপূর্ণ ও বড় ভূমিকা রাখছেন। সে ক্ষেত্রে তাঁকে ওই বিষয়ে আলোচনা করতে হবে। তিনি ভারত সফরে কী বলেছেন, ঠিক আমি জানি না। তাই এ বিষয়ে মন্তব্য করাও ঠিক হবে না।’ দুই দিনের সফরে আসা বেসামরিক নাগরিক সুরক্ষা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি ওটেরো আরও বলেন, ‘এ সফরের মাধ্যমে আমি রোহিঙ্গাদের ক্যাম্পে যাওয়ার সুযোগ পেয়েছি। সরেজমিনে দেখেছি, সেখানে কী অবস্থা চলছে। একই সঙ্গে যারা এত নিপীড়িত হচ্ছে, তাদের (রোহিঙ্গা) জন্য বাংলাদেশ সরকার কী ধরনের সহায়তা করছে—সবকিছু দেখার সুযোগ হয়েছে। তবে বাংলাদেশ সরকারের এই লোকগুলোর (রোহিঙ্গা) মৌলিক চাহিদা পূরণের সুযোগ দেওয়া উচিত।’ওটেরো বলেন, ‘আমরা রাখাইন অঙ্গরাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা ও টানাপোড়েনের ঘটনা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছি। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করে ওই সহিংসতায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আমরা মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।’ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেলি ক্লেম্যান, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা পিটার প্রিকেট প্রমুখ।